খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী
খড়গপুর সদর বিধানসভা আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র পেশ করেন।
মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে এদিন গেরুয়া শিবিরের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এক বিশাল সমাবেশ, বাজনা সহকারে দলের হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। এই ঘটনাটি খড়গপুর শহরে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটায়।

মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা এবং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ। এই আসনে জয়লাভের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে দিলীপবাবু স্পষ্ট জানান, "খড়গপুরের মানুষ ফের পদ্মশিবিরকেই বেছে নেবেন।"
উল্লেখ্য, একসময় খড়গপুরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। পরে তিনি সাংসদ হলেও, দল আবারও তাঁকে তাঁর পুরোনো ভোট ময়দানে ফিরিয়ে এনেছে। এবারের লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রদীপ সরকার। হেভিওয়েট এই প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দান উত্তপ্ত।
কেবল দিলীপ ঘোষই নন, পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য কেন্দ্র থেকেও বিজেপির একগুচ্ছ প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেন। কেশিয়ারী থেকে ভদ্র হেমব্রম, নারায়ণগড়ের রমা প্রসাদ গিরি, এছাড়া দাঁতন, সবং ও পিংলা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও এদিন মনোনয়ন জমা দেন।












Click it and Unblock the Notifications