লাগাতার ব্যর্থ সেরেনা, ইতালিয়ান ওপেনের পর পারমা চ্যালেঞ্জারে স্ট্রেট সেটে হার কিংবদন্তির
লাগাতার ব্যর্থ সেরেনা, এবার পারমা চ্যালেঞ্জারে স্ট্রেট সেটে হার কিংবদন্তির
ফ্রেঞ্চ ওপেনের আগে ব্যর্থ হয়েই চলেছেন সেরেনা উইলিয়ামস। স্ট্রেট সেটে হেরে ইতালিয়ান ওপেনের শেষ আটে পৌঁছানোর আশা শেষ করেছিলেন মার্কিন কিংবদন্তি। এবার পারমা চ্যালেঞ্জারেও স্ট্রেট সেটে হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর রাস্তা বন্ধ করলেন সেরেনা। অখ্যাত কাটেরিনা সিনিয়াকোভার কাছে মার্কিন তারকার এই হার মেনে নিতে পারছেন না টেনিস প্রেমীরা।

বিশ্বের ৬৮ নম্বর টেনিস তারকা চেকের কাটেরিনা সিনিয়াকোভার বিরুদ্ধে পারম চ্যালেঞ্জার বা এমিলিয়া-রোমাগনা ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের প্রথম সেটে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টাইব্রেকারে ফয়সলা নির্ধারিত হয়। ৭-৬ (৭-৪) গেমে প্রথম সেট জেতেন কাটেরিনা সিনিয়াকোভা।
দ্বিতীয় সেটে অভিজ্ঞ সেরেনাকে দাঁড়াতে দেননি অখ্যাত চেক তারকা। ৬-২ গেমে সেট হেরে যান মার্কিনি। তরুণ তুর্কির গতির কাছে নতি স্বীকার করেন কিংবদন্তি টেনিস তারকা। এই হারের পর প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সেরেনা। সঙ্গে স্বীকার করেছেন যে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ছোটখাটো ভুল ঠিক করার জন্য পরিশ্রম করতে হবে। অন্যদিকে সেরেনাকে হারিয়ে কাটেরিনা জানিয়েছেন যে ম্যাচ জিততে তাঁকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। তিনি কেবল উইলিয়ামসের ভুলগুলিকে সদ্ব্যবহার করেছেন বলে জানিয়েছেন চেক তারকা।
৩০ মে থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তার আগে ইতালিয়ান ওপেন ও পারমা চ্যালেঞ্জারকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছেছিলেন দীর্ঘদিন পর টেনিস কোর্টে ফেরা সেরানা। দুই টুর্নামেন্টেই ধাক্কা খেয়ে মার্কিন তারকার রণনীতিতে কী পরিবর্তন আসে, সেদিকে তাকিয়ে থাকবে টেনিস বিশ্ব। নজরে থাকবে তাঁর ফ্রেঞ্চ ওপেনের পারফরম্যান্স।












Click it and Unblock the Notifications