টোকিও অলিম্পিকের টেনিসে পদক জয়ের আশায় বড় ধাক্কা খেল ভারত
টোকিও অলিম্পিকে টেনিসে পুরুষদের ডাবলসে যোগ্যতা অর্জনে ব্যর্থ হল রোহন বোপান্না ও দিভিজ শরণের জুটি। ১৯৯২ সাল থেকে গত অলিম্পিক পর্যন্ত টানা অলিম্পিকে ভারতের ডাবলস দল নেমেছে। এবার তা হল না। তবে ১৬ জুলাই অবধি ক্ষীণ আশা থাকছে। যদিও সেটা নির্ভর করছে কোনও জুটি অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে কিনা তার উপর।

হতাশ বোপান্না-শরণ
রোহন বোপান্না ও দিভিজ শরণ নিজেদের কম্বাইন্ড ব্যৃাঙ্কিং বাড়ানোর লক্ষ্যে গ্র্যান্ড স্ল্যামেও নেমেছিলেন, কিন্তু তাও যথেষ্ট হল না অলিম্পিকে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে। বোপান্নার ৩৮ ও শরণের ৭৫ মিলিয়ে ভারতীয় জুটির কম্বাইন্ড ব্যৃাঙ্কিং দাঁড়ায় ১১৩। টেনিসে বেশ কয়েকজন তারকা সরে দাঁড়ানোয় অনেকেই আশায় ছিলেন, নাম প্রত্যাহারের তালিকা বড় হলে ভাগ্য খুলতে পারে বোপান্না-শরণের। কিন্তু তা হয়নি।

ডাবলসে বড় ধাক্কা
১৯৯২ সালের অলিম্পিকে রমেশ কৃষ্ণানকে নিয়ে ডাবলস খেলেছিলেন লিয়েন্ডার পেজ। গত অলিম্পিক অবধি প্রতিবারই টেনিসে ভারতের ডাবলস টিম নেমেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অলিম্পিকে জুটি বেঁধে নেমেছেন লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি। রিওতে পেজ নেমেছিলেন বোপান্নার সঙ্গে, প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ভারতীয় জুটি।

ক্ষীণ আশা
যদিও সর্বভারতীয় টেনিস সংস্থা এখনও আশা ছাড়ছে না। কেন না, নাম প্রত্যাহারের সময়সীমা রয়েছে ১৬ জুলাই পর্যন্ত। যদিও বাস্তব পরিস্থিতি বলছে, অন্যরা নাম প্রত্যাহার করলেও ভারতের ডাবলস জুটি অলিম্পিকে নামানো সম্ভব হবে না। কারণ সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সিঙ্গল ব্যৃাঙ্কিংকে। তারপর সিঙ্গল ও ডাবলস কম্বিনেশন এবং তারও পরে ভাবা হবে ডাবলস-ডাবলস ব্যৃাঙ্কিং কম্বিনেশনের কথা। শীর্ষস্থানীয় অনেকে সরে দাঁড়ালেও ক্রমতালিকায় পিছনের সারিতে থাকা খেলোয়াড়, যাঁরা নিয়মিত ডাবলস খেলেন তাঁরা কোনওভাবেই অলিম্পিকে দুটি ইভেন্টে নামার সুযোগ হাতছাড়া করবেন না।

মিক্সড ডাবলস দলও নেই
অলিম্পিকের নিয়ম অনুযায়ী, সিঙ্গলস বা ডাবলস খেলার যোগ্যতাসম্পন্ন কোনও খেলোয়াড় মিক্সড ডাবলস খেলতে পারেন। মহিলাদের ডাবলসে সানিয়া মির্জা অঙ্কিতা রায়নাকে নিয়ে নামবেন। মনে করা হচ্ছিল, রোহন বোপান্না অলিম্পিকের টিকিট পেলে তিনি মিক্সড ডাবলসে সানিয়ার সঙ্গে জুটি বাঁধবেন। কিন্তু রোহনরা টোকিওর টিকিট না পাওয়ায় ভারত মিক্সড ডাবলস টিমও নামাতে পারবে না। রিও অলিম্পিকে সানিয়া-রোহন জুটি ব্রোঞ্জ পদকের প্লে অফ ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে পরাস্ত হয়েছিল। করোনা পরিস্থিতিতে একাধিক টুর্নামেন্ট বাতিল হওয়াতেই সমস্যা বাড়ে বোপান্না ও শরণের।












Click it and Unblock the Notifications