অস্ট্রেলীয় ওপেনের আগে ছন্দে রাফায়েল নাদাল, জিতলেন মেলবোর্নের খেতাব
এটিপি ইভেন্টে দুরন্ত প্রত্যাবর্তন রাফায়েল নাদালের। পায়ের পাতায় লাগা চোটের কারণে ২০২১ সালের অগাস্টের পর আর খেলতে পারেননি। তবে চোট সারিয়ে কামব্যাক করেন মেলবোর্ন সামার সেট ট্রফিতে। সেখানেই হলেন চ্যাম্পিয়ন। অস্ট্রেলীয় ওপেন ১৭ জানুয়ারি শুরুর আগে এই খেতাব নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে নাদালের।

এটিপি ২৫০ ইভেন্টের এই খেতাবটি নাদালের কেরিয়ারে ৮৯তম ট্যুর লেভেল খেতাব। বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকলেও এই ইভেন্টে তাঁর খেলা দেখে তা বোঝা যায়নি। একটিও সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন। আমেরিকান কোয়ালিফায়ার ম্যাক্সিম ক্রেসিকে হারালেন ৭-৬(৬), ৬-৩ সেটে। এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নাদাল বলেছেন, চোট সারিয়ে বেশ কিছু চ্যালেঞ্জিং মুহূর্তকে পেরিয়ে এখানে আসতে পেরেছি। এই খেতাব জেতা, ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে পারার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

বিশ্বের ৬ নম্বর টেনিস তারকার বিরুদ্ধে ক্রেসি শুরুটা খারাপ করেননি। সার্ভ, ভলিতে নাদালকে সমস্যায় ফেলতে চাইলেও অভিজ্ঞতার নিরিখেই প্রথম সেট জিতে নেন, তার মধ্যে একবার সেট পয়েন্টও বাঁচান। শেষে ১ ঘণ্টা ৪৪ মিনিট লড়াইয়ের পর খেতাব জয় নিশ্চিত করেন স্প্যানিয়ার্ড। ২০১৯ সালে অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হারার পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ফাইনাল খেললেন নাদাল। ২০০৪ সাল থেকে ট্যুর লেভেল খেতাব প্রতি বছর জেতার ধারা এবারও অব্যাহত রাখলেন তিনি।
Vamos @RafaelNadal! 🇪🇸
— ATP Tour (@atptour) January 8, 2022
He defeated Ruusuvuori 6-4 7-5 and will compete for the title against first-time ATP finalist Cressy in Melbourne 🔥#MelbourneTennis pic.twitter.com/pbe4kNU74D
রজার ফেডেরার এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নেই। সবচেয়ে বেশি ৯ বার খেতাব জেতা নোভাক জকোভিচও ভ্যাকসিন সংক্রান্ত জটিলতায় আদৌ খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। এই দুজনের সঙ্গে নাদালের সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের সংখ্যা ২০। নাদাল ও জকোভিচের সামনে হাতছানি রয়েছে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার। নাদাল ২০০৯ সালের পর আর অস্ট্রেলীয় ওপেন খেতাব জিততে পারেননি। ২০১২, ২০১৪, ২০১৭ ও ২০১৯ সালে ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। তবে জকোভিচের অংশগ্রহণ যেখানে সংশয়ে সেখানে চেনা ছন্দ ফিরে পেয়ে খেতাবকেই পাখির চোখ করছেন রাফা।












Click it and Unblock the Notifications