'অভয়া'র শরীরে ড্রাগ পুশ করে ধর্ষণ', মাইকে নির্যাতিতার নাম করে বলে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে 'অভয়া'র আসল নাম মাইক্রোফোনে বলা হচ্ছে চিৎকার করে! সেই সঙ্গে 'অভয়া'কে নিয়ে বিস্ফোরক কটুক্তি। ওন্দার তৃণমূল নেতা আশিস দে'র সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও তাঁর ফেসবুক প্রোফাইলে এই ভিডিও আপলোড করেছেন।
আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital) যখন এমনিতেই অস্বস্তিতে সরকার, তখন শাসক দলের নেতার এহেন আচরণের নিন্দা করছে বিরোধীরা। গোটা দেশ যখন 'অভয়া'র মৃত্য়ুর বিচার চেয়ে পথে নেমেছে, তখন তৃণমূল নেতা কেন এমন মন্তব্য করলেন?

শুক্রবার সন্ধ্যায় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ'র নেতৃত্বে বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা হয়। আরজি কর-কাণ্ড নিয়ে তৃণমূলের তরফে যে প্রতিবাদ সভা করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে।
মঞ্চে উঠে মাইক্রোফনে রীতিমতো চিৎকার করে 'অভয়া'র নাম বলতে শোনা যায় তাঁকে। তাঁর দাবি, 'আরজি কর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হার্মাদ বাহিনী চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, "বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য, রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগের নেশা করিয়ে, 'অভয়া'র শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তাঁর উপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, তাঁকে মেরে ফেলা হয়। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন।" এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আশিস দে যখন এই বক্তব্য রাখছিলেন তখন তৃণমূলের ওই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ, ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা অরূপ খাঁ'র ভাইপো অভিরূপ খাঁ, তৃণমূলের জেলা কমিটির সদস্য শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। একাধিক জেলা নেতৃত্বের সামনে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। প্রকাশ্যে এভাবে অভয়ার নাম বলার অভিযোগে ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। একই দাবি বাম-কংগ্রেসেরও। ঘটনার তীব্র নিওন্দা জানিয়েছে তৃণমূল নেতাদের শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে তোপ দাগেন তারা।












Click it and Unblock the Notifications