প্রত্যেকটি তৃণমূল নেতা আজ সমাজবিরোধী হয়ে গিয়েছে, খোঁচা দিলীপ ঘোষের
রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷ দুষ্কৃতীদের সংখ্যা বাড়ছে৷ দুষ্কৃতীরা এখন আর সরকারকে ভয় পায় না৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। আজ রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
প্রত্যেকটি তৃণমূল নেতা আজ সমাজবিরোধী হয়ে গিয়েছে৷ সিবিআই কোথায় হাত দেবে? আর তদন্ত করবে? এমন কোনও সরকারি দফতর নেই, যেখানে দুর্নীতি হয়নি৷ তৃণমূল নেতাদের লোকে ভয় পায়৷ ভয় দেখিয়ে ভোট নিয়ে ওরা জিতে আসে। এই দুর্নীতির কোনও শেষ নেই৷ দাবি করলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এদিন বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। খুন - ধর্ষণ বাড়ছে। দুষ্কৃতীরা এখন সরকারকে ভয় পায় না। সরকারের সঙ্গী হয়ে গিয়েছে। ফলে কেউ সাজা পায় না। পড়শি রাজ্য ও দেশ থেকে সমাজবিরোধীরা এখানে ঘাঁটি গেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার রাজনৈতিক স্বার্থে এদের গায়ে হাত দেয় না।
দুর্নীতি খুঁজতে খুঁজতে সিবিআই ক্লান্ত হয়ে যাচ্ছে। বিচার দিতে দেরি হচ্ছে৷ তবে বিচার মানুষ পাবে। তৃণমূলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা ঠিক মতো জাতীয় সঙ্গীত গাইতে পারে না। তারা অন্যদের দিকে আঙুল তোলে কী করে?
আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। নির্বাচনী প্রচারে এসে রবিবাসরীয় সকালে এক অন্য ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানালেন, চাষিদের এবার বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে৷ শীতের সবজির চাষ ধাক্কা খেয়েছে। বাঁকুড়াতেই সবজির দাম বেশি। ফলে কলকাতা ও আশপাশে সবজির দাম তো আরও বাড়বে।
গতকাল শনিবার বাঁকুড়ায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। বেসরকারি লজে রাত্রিবাস শেষে এদিন সকালেই বেরিয়ে পড়েছিলেন তিনি। রবিবার সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙা মোড়ের সবজি বাজার যান তিনি৷ ওই এলাকার একটি পুকুরের সামনে ছিপ হাতে নেমে পড়লেন তিনি। মাছও ধরলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, আমি যেখানেই যাই, সেখানকার মানুষের সঙ্গে মেলামেশা করি। এবার পুকুরে মাছ ধরলাম। এটাও এক ধরনের শরীর চর্চা। তবে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের জন্যই এবার বাঁকুড়ায় আসা।












Click it and Unblock the Notifications