তৃণমূল পথ আটকালে টুঁটি ধরে গঙ্গায় চোবান, নিদান ওন্দার বিজেপি বিধায়কের
কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর রাজ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এবার তৃণমূলের লোকজনদের টুঁটি টিপে ধরার কথা বললেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপির পথ আটকালে তাই করা হবে বলে বিতর্কে জড়ালেন বিধায়ক।
সভার দিন এগিয়ে আসছে। আর বিভিন্ন দিক থেকে চাপানউতোড় বাড়ছে। রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই সভাকে ঘিরে। বিজেপির সভায় গেলে এলাকাছাড়া করা হবে। এমন নিদান দিয়ে পোস্টার পড়েছিল হুগলির ব্যান্ডেল এলাকায়৷ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল৷ জড়ায় তৃণমূলের নাম।

এবার বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। রবিবার বাঁকুড়ায় ধর্মতলায় সভার জন্য প্রচারসভা ছিল। সেখানেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওন্দার বিধায়ক। তৃণমূলের লোকজনের টুঁটি চেপে ধরার কথা বলেন তিনি। এই কথায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে যায়।
কী বলেছিলেন ওই বিজেপি বিধায়ক? ওন্দা বিধানসভার পুঞ্চা শিবতলায় প্রস্তুতি সভায় তিনি বক্তব্য রাখছিলেন। তিনি জানান, বিষ্ণুপুর থেকে ১৫ হাজার লোক নিয়ে কলকাতা যাবেন তারা। সেখানে তৃণমূল বাধা দিতে এলে রুখে দাঁড়াবে।
তিনি বলেন, "কলকাতা যাওয়ার পথে তৃণমূল যদি বাধা দেয়, আটকানোর চেষ্টা করে, তাহলে তাদের টুঁটি ধরে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে চোবাবেন।" এই কথাতে সাড়া পড়ে গিয়েছে এলাকায়। এখানেই থামেননি ওই বিধায়ক।
তিনি আরও বলেন, " আপনার গালে একটা চড় মারলে আপনি পালটা অন্য গালে একটা কামড় দেবেন। এমন কামড়াবেন যাতে এতটা মাংস উঠে আসে।" রাজনৈতিক মঞ্চে এমন কথা শেষ কবে শোনা গিয়েছে? তাই নিয়ে জোর গুঞ্জন উঠেছে। বেলাগাম হয়ে যাচ্ছে না কি নেতাদের মুখের ভাষা? সেই প্রশ্ন উঠছে।
বিজেপির এই কথাকে আমল দিচ্ছে না বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্ব। লোকবল নেই বিজেপির৷ বাজার গরম করার জন্য বিজেপি বিধায়ক এইসব কথা বলছেন। কলকাতা নিয়ে যাওয়ার লোক হবে না। এই কটাক্ষ করছেন তৃণমূল জেলা নেতৃত্ব।
বিজেপির দাবি, তৃণমূল এলাকায় পথ আটকানোর চেষ্টা করবে। সভায় যাওয়া বানচাল করবে ওই দিন।












Click it and Unblock the Notifications