২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে 'অন্য খেলা' শাসকের! দিলীপ ঘোষকে বেউড় বাঁশের কথা স্মরণ করালেন বাঁকুড়ার তৃণমূল নেতা
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে গেরুয়া শিবিরকে ফের আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। ওন্দার নিকুঞ্জপুরে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ নাম করে ও স্থানীয় বিধায়কে নিশানা করেন।
তৃণমূল নেতা বলেন, নিদান তো অনেক দিচ্ছেন! ১৮ সালটা মনে আছে তো? এবারের ওষুধটা একটু অন্য হবে। বাঁকুড়ায় একটা বাঁশ পাওয়া যায়, বেউড় বাঁশ। ঘন গিটের বাঁশ, পাছা গরম করা বাঁশ। ওপরটা লাল হবে আর ভীতর থেকে ঘা করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত যখন এই ধরণের উস্কানিমূলক বক্তব্য রাখছেন, ঠিক তখনই সভামঞ্চে ছিলেন দলের দুই প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অরূপ খান, শ্যামল সাঁতরা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অলোক মুখার্জি সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, গত শনিবার নিকুঞ্জপুরের ওই মাঠেই সভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বুথ দখলে আসা তৃণমূল কর্মীদের বাঁশ নিয়ে মোকাবিলার কথা বলেছিলেন। তার 'পাল্টা' হিসেবেই ওই মাঠে সভার আয়োজন করে শাসক দল।

জেলা তৃণমূল যুব সভাপতির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের নেতা ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন, ২০১৮ আর ২০২৩ এর মধ্যে পার্থক্য অনেক। মানুষ ওঁদের দু'গালে থাপ্পড় মারার জন্য তৈরি। 'মাইলেজ পাওয়ার জন্য' অহেতুক ওই ধরণের কথা বলার কোন দরকার নেই বলে তিনি জানান।
একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, রাজ্যের মানুষ বুঝে গেছেন তৃণমূল মানেই চোর। তাই চোরেদের নিয়ে যতো কম কথা বলা যায় ততোই ভাল বলে তিনি মনে করেন।












Click it and Unblock the Notifications