অতীত থেকে শিক্ষা নিতে চায় প্রশাসন, ভোটের আগে রবিবার রুটমার্চ বাঁকুড়ার জেলাশাসক, এসপির
বাঁকুড়ায় সকাল থেকেই প্রচারে নেমে পড়ছেন রাজনৈতিক দলের প্রার্থী, নেতা, কর্মীরা। ভোটের হাওয়া বাঁকুটার আকাশে, বাতাসে৷ এবার পরিস্থিতি নজর করতে পথে নেমে পড়লেন বাঁকুড়ার জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা৷
ভোটের সময় অতীতে এই জেলাতে একাধিক রাজনৈতিক উত্তেজনার ঘটনা দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধীরা। চলতি মাসেই ২৫ তারিখ বাঁকুড়ায় লোকসভা নির্বাচন। এবার যাতে আর কোনও অস্থিরতা না তৈরি হয়। সেজন্য আগাম ব্যবস্থা জেলা প্রশাসনের৷

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট। তার আগে অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনও এবার বঙ্গে নির্ঝঞ্ঝাট লোকসভা ভোট করার দাবি জানাচ্ছে। কড়া হাতে সব কিছু পর্যবেক্ষণ চলছে।
জেলা জুড়ে 'রুট মার্চ' শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার ভোটারদের 'ভয়-ভীতি' দূর করতে বাঁকুড়া-২ ব্লকের শালবনি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে 'রুট মার্চে' অংশ নিলেন জেলার পুলিশ প্রশাসনের কর্তারা। বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা এদিন সকালে পথে নামেন।
ভোটারদের সঙ্গে কথা বললেন জেলাশাসক, পুলিশ সুপার। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হয়। কোথায় কোথায় নির্বাচনকে ঘিরে গোলমাল হয়। সেইসব বিষয়ও শোনা হয়। পুলিশ - প্রশাসনও এবার কড়া নজর রাখছে।
জেলাশাসক সিয়াদ এন বলেন, জেলার প্রতিটি প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। সঙ্গে থাকছেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকরা। আগামী ২৫ মে যাতে সকলে নির্ভয়ে ভোট দিতে পারেন। সেই বার্তাই দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, সব জায়গায় রুট মার্চের পাশাপাশি নাকা চেকিং চলছে। আগে জেলায় চার কোম্পানি সিআইএসএফ - বিএসএফ ছিল।এখন দু'কোম্পানি সিআরপিএফ রয়েছে। বিগত নির্বাচন গুলির পরিসংখ্যান খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার জঙ্গল মহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
শালবনি এলাকার মানুষ জানিয়েছেন, এমনিতেই এই এলাকা শান্তিপূর্ণ হিসেবে পরিচিত। ভোট কেন্দ্রিক ঝামেলা সেভাবে হয় না। তবে ভোটে বাহিনী থাকলে আরও সুবিধাই হবে।












Click it and Unblock the Notifications