Wonder Kid: ১৯৫ সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বলে সাড়ে ৯ মিনিটে, শ্রীহানের ঝুলিতে এশিয়ার স্বীকৃতি
Wonder Kid: একটা, দুটো নয়। ১০ মিনিটে অবলীলায় ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম গড়গড় করে বলতে পারে শ্রীহান পাল। বয়স মাত্র ৬। দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র।
দাদাগিরি অনুষ্ঠানে শ্রীহান খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার তার ঝুলিতে এসে গেল এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি।

বয়স মাত্র ৬ বছর হলে কী হয়েছে? এই বয়সেই মুখস্থ ১৯৫ টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। গড়গড়িয়ে অবলীলায় বলে চলেছে কঠিন কঠিন দাঁত ভাঙা ইংরেজি শব্দ। সাড়ে ৯ মিনিটে ১৯৫টি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সঠিকভাবে বলে এশিয়ায় রেকর্ড করে ফেলেছে শ্রীহান।
দুর্গাপুরের হরিবাজার অঞ্চলের বাসিন্দা ছোট্ট শ্রীহান। এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি মিলেছে সম্প্রতি। শ্রীহান পেয়েছে শংসাপত্র, মেডেল। ছোটবেলা থেকেই যা দেখে তা মনে রাখতে পারে। এই বয়সেই সোলার সিস্টেম, সামুদ্রিক প্রাণী, প্ল্যানেট-সহ নানা বিষয়ের খুঁটিনাটি তার নখদর্পণে।

শ্রীহান পালের বাবা ড. সৌরভ পাল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। তিনি জানান, ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি বিজ্ঞানের নানা বিষয়ে আগ্রহ রয়েছে শ্রীহানের। ছেলে এশিয়া রেকর্ডসের অধিকারী হওয়ায় গর্বিত মা পৌলমী পাল বলেন, শ্রীহান ছোটবেলা থেকেই যা শুনতো তা-ই মনে রাখতো। তাতেই এশিয়া সেরার স্বীকৃতি।

শ্রীহান জানিয়েছে, লিখতে ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে ছবি আঁকতে। এশিয়ার স্বীকৃতি মেলার পর পরবর্তী লক্ষ্য গিনেস বুকে নাম তোলা। তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। দুর্গাপুরের বিরল এই প্রতিভার সাফল্যে খুশি পাড়া প্রতিবেশীরাও।












Click it and Unblock the Notifications