Panchayat Election 2023: বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা-পিস্তল, পূর্বস্থলীতে চাঞ্চল্য
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো বোমা ও পিস্তল। ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ঘটনাস্থলে আরও তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও বিজেপি নেতার দাবি তাঁকে ফাঁসানোর চক্রান্ত চলছে।

বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পূর্বস্থলী-১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত বেতপুকুর গ্রামে। নাদনঘাট থানার পুলিশ গতকাল রাতে তল্লাশি চালিয়েছিল হরিলাল দেবনাথ নামে বিজেপি নেতার বাড়িতে। তিনি ৩৫ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি। তল্লাশিতে বাড়ি থেকে উদ্ধার হয় পিস্তল ও ৬টি সকেট বোমা।
পুলিশ জানিয়েছে, এগুলি রাখা ছিল বাড়ির গোয়ালঘরে। সেখান থেকেই তা উদ্ধার করা হয়েছে। কী কারণে বোমা ও আগ্নেয়াস্ত্র বাড়িতে রাখা ছিল তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওই বিজেপি নেতার বাড়ি ও গোয়ালঘর গতকাল রাত থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। আজ সকালেও চলে তল্লাশি। এখনও কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে তলব করা হয়েছে।

অভিযুক্তর দাবি, তিনি বিজেপির ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি। কিন্তু সেজন্য কারও সঙ্গে রাজনৈতিক বৈরিতা নেই। হরিলাল দেবনাথ বলেন, আমরা পাঁচ ভাই। পৈতৃক সম্পত্তি সমভাগে বণ্টনের কথা বলায় বাকি চার ভাই মারধর করেন। এরপর এক প্রতিবেশী হাসপাতালে নিয়ে যান। তারপর রাতে এই ঘটনার কথা জানতে পেরেছি।
বিজেপি নেতা আরও বলেন, আমাকে ফাঁসাতেই এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশকে সব তথ্যই জানিয়েছি। বিজেপি নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা নিয়ে এখনও বিজেপি কিংবা শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় গ্রামবাসীদের দাবি, বিজেপির ওই নেতা পঞ্চায়েত নির্বাচনের জন্যই অস্ত্র ও বোমা মজুত করেছিলেন। এমন ঘটনা আগে কখনও এই গ্রামে ঘটনা।
(ছবি ও তথ্য- অনির্বাণ কর্মকার ও মোহন সাহা)












Click it and Unblock the Notifications