IT Raid: রানিগঞ্জের তিন জায়গায় এখনও চলছে ম্যারাথন আয়কর তল্লাশি, কী কী তথ্য পাওয়া গেল?
বুধবারের পর বৃহস্পতিবারও চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান। প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চলেছে৷ ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে দীর্ঘ সময়। এমন কথাই জানা গিয়েছে। এদিকে আরও এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর হানা চলে। ১৮ ঘণ্টার বেশি সময় ধরে চলে এই তল্লাশি অভিযান। রানিগঞ্জে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ, মহেন্দ্র শর্মার বাড়িতে আয়কর হানা অব্যাহত। বৃহস্পতিবারও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই খবর।

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আয়কর দফতরের ম্যারাথন অভিযান এখনও অব্যাহত। মোট পাঁচ জায়গায় বুধবার অভিযান চলছিল একসঙ্গে। বৃহস্পতিবার কমে সেই সংখ্যা তিন জায়গায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের বাড়িতে অভিযান এখনও চলছে।
তবে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলির বাড়িতে অভিযান চলছিল। রাত ১২ টায় শেষ হয়ে যায় ওই অভিযান। ভোর পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান চলে। অর্থাৎ ১৯ ঘন্টা ধরে এই অভিযান চলে। প্রাক্তন বিধায়ককে দীর্ঘ সময় জেরা করা হয়। সেই খবরও পাওয়া গিয়েছে।
আয়কর দফতরের আধিকারিকরা কি কোনও তথ্য পেয়েছে? কোনও কাগজপত্র কি তারা ওই তৃণমূল নেতার বাড়ি থেকে নিয়ে গিয়েছেন? সেই প্রশ্ন উঠেছে। কেন হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা? আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে? না কী হিসাব বহির্ভূত অর্থের খোঁজে তারা হানা দিয়েছিলেন?
ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের ঘনিষ্ঠ সুজিত সিং এর বাড়ি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে যায় এদিন ভোর ৪ টে নাগাদ। সূত্রের খবর বেশ কিছু ব্যবসাকেন্দ্রিক কাগজপত্র, ব্যাঙ্ক একাউন্টের নথি নিয়ে যান আয়কর দফতরের আধিকারিকরা।
অভিযান এখনও চলছে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান ও ইমতিয়াজের হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতে। শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়িতেও অভিযান চলছে বলে খবর। তাদের বাড়ি থেকে কী কী উদ্ধার হল? কোনও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গিয়েছে কি? প্রশ্ন রয়েছে।
কখন শেষ হবে এই ম্যারাথন তল্লাশি অভিযান? শিল্পতালুকে এই তল্লাশি অভিযানে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে৷ হিসাব বহির্ভূত সম্পত্তি, কর ফাঁকি প্রভৃতি বিষয়েই এই তল্লাশি অভিযান চলছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications