ভারী লোহার যন্ত্রাংশ উড়ে জখম বাসিন্দা, ভাঙল বাড়িঘর? জামুড়িয়ায় উত্তেজনা
আকাশ থেকে কী উড়ে এল? ভারী ভারী জিনিস। ভেঙে গেল বাড়ির অংশ। একজন সাধারণ মানুষ জখমও হয়েছেন। তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের জামুড়িয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
সামনেই লোকসভা ভোট৷ জোর প্রচার চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে এমন ঘটনা! রাজনৈতিক অভিসন্ধি? না কী অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠছিল। কিন্তু বিষয়টা কী? আকাশপথে ভারী যন্ত্রাংশ কোথা থেকে উড়ে আসবে?

অনুমান করা হয়েছিল কোনও কারখানার যন্ত্রাংশ ছিটকে লোকালয়ে চলে এসেছে। বেলার দিকে সেই ঘটনাই সামনে এল। অবশেষে জামুরিয়ায় রহস্যময় টুকরো ছিটকে পড়ার কারণ জানা গেল। জামুরিয়ার যাদুডাঙা এলাকায় একটি বেসরকারি কারখানা থেকে যন্ত্রাংশ ভেঙে ছিটকে পড়ে। আর যার ফলে জামুরিয়ার ইকরা, যাদুডাঙা এবং বেনালি এই তিন গ্রামে ওই যন্ত্রাংশের টুকরো ছিটকে পড়ে।
এই ঘটনায় মোট তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি ফাঁকা মাঠে গিয়ে ওই যন্ত্রাংশের টুকরো পড়েছে। বিরাট আকারের ওই যন্ত্রাংশের গতি অনেকটাই বেশি ছিল। জানা গিয়েছে, মাটিতে পড়ার পর অন্ততপক্ষে ২০ ফুট ভেতরে ঢুকে গিয়েছে ওই যন্ত্রাংশের টুকরো। সুতরাং এর থেকে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল। কপাল জোরে রক্ষা পাওয়া গিয়েছে। এই কথা বলছেন বাসিন্দারা।
ঘটনায় আহত হয়েছেন ঝুলন বাদ্যকর নামে এক মহিলা। অমর বাদ্যকর, মাগারাম বাদ্যকরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
যন্ত্রাংশের থেকে গরম তেল ছিটকে এক কিশোরী আহত হয়েছে। সে বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ভারী কোনও লোহার যন্ত্রাংশ এসে একটি কংক্রিটের বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়ালের বেশ কিছুটা অংশ। সেখান থেকে পাশে একটি বাড়ির উঠোনে ওই ভারী যন্ত্রাংশটি পড়ে। উঠোনের বেশ কিছুটা অংশ গর্ত হয়ে যায়। আরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ওই কারখানার উপর পড়ে। কারখানাতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে যাদুডাঙা এলাকার বাসিন্দারা। জামুরিয়া থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে বাসিন্দাদের রাস্তা থেকে সরায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এই ঘটনা হল কীভাবে? যন্ত্রাংশ কীভাবে কারখানা থেকে অত দূরে গিয়ে পড়ল? সেই সব তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications