রোজ দেরি করে আসেন? পূর্বস্থলীতে স্কুলে তালাবন্দি থাকলেন প্রধান শিক্ষক
সঠিক সময়ে কোনও দিনও স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বহু বার তাঁকে অনুরোধ করা হয়েছে। নরমে গরমে অভিভাবকরা কথাও বলেছেন। দিন কয়েক ঠিক নিয়মে চললেও আবার সেই এক অবস্থা। কাহাতক এই বিষয় মেনে চলা যায়। স্কুলের ঘরে তালা বন্ধ করে রাখা হল ওই প্রধান শিক্ষককে।
এলাকার স্থানীয় বাসিন্দারা, অভিভাবকরা বেজায় চটেছিলেন ওই প্রধান শিক্ষকের উপর৷ তিনি স্কুলে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ল। আর তারপরই ঘরের ভিতর আটকে রাখা হল ওই শিক্ষককে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের উত্তর শ্রীরামপুর মুসলিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার এই বিক্ষোভে ব্যাহত হয় স্কুলের পঠনপাঠন। প্রতিদিনই প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা দেরি করে স্কুলে পৌঁছান। এদিনও তিনি দেরি করেই স্কুলে যান। বেলা সাড়ে ১১ টার সময় স্কুলে পৌঁছন তিনি৷ তাকে ঘিরে ধরে বিক্ষোভ চলে৷ স্কুল ঢোকার পরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুলের ঘরের তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা।
দীর্ঘ ১২ - ১৩ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তাঁর বিরুদ্ধে এর আগে বহু বার অভিযোগ উঠেছে। তিনি পড়াশোনাও ঠিক মতো করান না বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে আসেন। এতে শিশুদের পড়াশোনার সমস্যা হয়। বহুবার সেই কথা জানিয়েও কোনও ফল হয়নি।
একটি ঘরে তারা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় তিনি তালাবন্দি থাকেন। সেই অবস্থাতেই তিনি কিছু কাজকর্ম করেন। পরে সেই তালা খুলে দেওয়া হয়।
আটকে থাকা প্রসঙ্গে ওই প্রধান শিক্ষক পরে ফোনে তার বক্তব্য রাখেন। প্রতিদিন স্কুলে দেরি করে আসার বিষয় বলা হচ্ছে, সেটি মিথ্যা। শারীরিক অসুস্থতার কারণে দুদিন স্কুলে আসতে দেরি হয়েছিল। তাঁর অভিযোগ, অভিভাবকরা এই ঘটনা ঘটাননি। ঘটিয়েছেন স্থানীয় এলাকাবাসী।












Click it and Unblock the Notifications