'দুয়ারে ছাতু', গরমে গলা ভেজাতে মোক্ষম ছাতুর সরবত, বর্ধমান শহর সুপার হিট 'বাইক চাকি'
কাঠফাটা রোদে সস্তায় গলা ভেজাতে ছাতুর দোসর নেই। সকাল-বিকেল-দুপুর-রাত্রি যেকোনও সময় ছাতুর শরবত যাকে বলে আদর্শ। রাস্তার মোড়ে মোড়ে ছাতুর দোকানে এই সময় ভিড় নতুন কিছু নয়। কিন্তু এই গরমে সুপারহিট বর্ধমানের শ্রীবাস্তবজির ছাতু।
তাঁর ছাতুর স্বাদে মজেছে বর্ধমানবাসী। লোকের ঘরে ঘরে একেবারে চাকি নিয়ে পৌঁছে যান তিনি। নিজের মোটরবাইকে বসিয়ে ফেলেছেন ছোট্ট একটা জেনারেটর। তাতেই লাগানো রয়েছে আটা-চাকি মেশিন। গাড়ির সঙ্গে ঝোলা ভরে রেখেছেন ছোলা।

আর তা নিয়েই তিনি ছুটে চলেছেন পাড়ায় পাড়ায়। গাড়ির সঙ্গে লাগানো রয়েছে তার ছাতুর প্রচার রেকর্ড। সবসময়ই তা গলা তেড়ে গেয়ে চলেছে দুয়ারে ছাতু ভাঙার গুণগান। যে চাইছেন, যতটা চাইছেন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রয়োজন মত ছোলা ভেঙে সঙ্গে সঙ্গে ছাতু তৈরী করে দিচ্ছেন চন্দনলাল । রয়েছে ছোট একটি ওজন মাপার যন্ত্রও।

চন্দনলাল শ্রীবাস্তবের ছাতু তৈরির পদ্ধতি নিয়েই এখন রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায় ১২জনের সংসার চন্দনলাল শ্রীবাস্তবের। উত্তরপ্রদেশ থেকে বর্ধমানে এসেছেন মাত্র ২ মাস। আর এসেই বিহারের ফর্মূলা প্রয়োগ করে রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
চন্দনলালের কাছে রয়েছে একটি ছোট দুচাকার মোটরবাইক। তার পিছনের সীটে রয়েছে একটি ডিজেলের ছোট জেনারেটর। পোর্টেবল আটা চাকি তৈরি করে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করে চলেছেন এই ছাতু।












Click it and Unblock the Notifications