শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের, পঞ্চায়েতের আগেই যুদ্ধ শুরু আলিপুরদুযার 'দখলে'র
ড্যামেজ কন্ট্রোলে নেমে শুভেন্দু অধিকারী ভাঙন রুখতে তৎপর। তিনি আলিপুরদুয়ারে ঐক্যের ছবি দেখিয়ে যাওয়ার পরই পাল্টা মিছিল ও সভার ঘোষণা তৃণমূলের
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল দলবদলে তৃণমূলে যোগ দিতেই নড়েচড়ে বসেছে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে নেমে শুভেন্দু অধিকারী ভাঙন রুখতে তৎপর। তিনি আলিপুরদুয়ারে পদযাত্রা ও সভা করে ঐক্যের ছবি দেখিয়ে যাওয়ার পরই পাল্টা মিছিল ও সভা করার কথা ঘোষণা করে দিল তৃণমূলও।

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙায় সভা করবেন। তার আগের দিনই আলিপুরদুয়ারে গিয়ে শুভেন্দু অধিকারী সভা ও বিশাল পদযাত্রা করে শক্তি প্রদর্শন করে এলেন। বিজেপিতে ভাঙন রুখতে তাঁর এই ড্যামেজ কন্ট্রোলের পর তৃণমূল আগামী ১৩ ফেব্রুয়ারি পাল্টা মিছিল ও সভার কথা ঘোষণা করল।
শুক্রবার আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, ঈমরা বিজেপির পাল্টা কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ ফেব্রুয়ারি আমরা পদযাত্রা করব, জনসভাও করব। বিজেপি যেখানে থেকে পদযাত্রা শুরু করেছিল, সেখান থেকেই আমরা মিছিল শুরু করব।
আলিপুরদুয়ারে এসে শক্তিপ্রদর্শন করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা স্থানীয়রাই ওইদিন মিছিল করে দেখিয়ে দেব মানুষের সমর্থন কাদের দিকে। ওইদিনই আমরা জবাব দেব বিজেপিকে। আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম বিজেপিকে। কিন্তু বিজেপি বাংলা ভাগ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার কোচবিহারে সভা করবেন। তার আগে থেকেই জল্পনা রটেছিল বিজেপির কয়েকজন বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস। অভিষেকের সভায় গিয়ে কোচবিহারের এক বিধায়ক ছাড়াও আলিপুরদুয়ারের দুই বিধায়কের কথা বলা হচ্ছিল। এই অবস্থায় শুভেন্দুর সভা বিজেপির ভাঙুন রুখতে পারে নাকি তৃণমূলে যোগদান প্রক্রিয়া চলতে থাকে, তা বলবে ভবিষ্যৎ।
দু'দিনের উত্তরবঙ্গ সফরে শুক্রবারই শিলিগুড়িতে এসে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার কদমতলার নির্বাচনী জনসভায় সেরে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে আসেন। আগামীকাল কোচবিহার মাথাভাঙায় জনসভা করবেন তিনি।
শনিবার সকালে কোচবিহারে জনসভায় যোগ দিতে শিলিগুড়ি থেকে রওনা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। জানাযায় কোচবিহারে মাথাভাঙা কলেজ মাঠে জনসভা সেরে ফের শিলিগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পঞ্চায়েত ভোটের আগে সবেমাত্র তৃণমূলের দরজা খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই বিজেপি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিয়েছেন তৃণমূলে। সুমন কাঞ্জিলালের যোগদানের পর আরও কয়েকজনের নাম উঠে আসছে, যাঁরা বিজেপি ছেড়ে যোগ দিতে পারেন তৃণমূলে। কয়েকদিন আগে উত্তরবঙ্গের একজন ও দক্ষিণবঙ্গের একজন বিধায়ক অভিষেকের অফিসে গিয়ে সাক্ষাৎ করে আসেন। তারপর থেকেই জল্পনার পারদ চড়তে শুরু করে।












Click it and Unblock the Notifications