মাটির নীচে থেকে টাকা উদ্ধারের হুঙ্কার, এবার কাকে নিশানা করলেন শুভেন্দু
শুধু পিসি-ভাইপোকে নিশানা করেই থামেননি তিনি, দলবদলুদের পাশাপাশি জেলাশাসককেও একহাত নেন বিরোধী দলনেতা।
যদি মাটির নীচেও টাকা রাখা হয়, মাটি খুঁড়ে তা উদ্ধারের হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরদুয়ারে রোড শোয়ের পর এক জনসভা থেকে এভাবেই গর্জে উঠলেন তিনি। এবার নিশানা শুধু ভাইপোকে নয়, সেইসঙ্গে যুক্ত করলেন আরও অনেককেই।
সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকেই জল্পনা চলছে আলিপুরদুয়ার জেলা বিজেপিতে নেমে আসতে পারে বড়সড় ভাঙন। এমনকী আরও দু-একজন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। তার আগে ড্যামেজ কন্ট্রোলে নামতেই শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ারে রোড শো করার পরিকল্পনা করেন।

সেইমতো এদিন আলিপুরদুয়ারের বিএম ক্লাব ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি। এই মিছিলে বিধানসভায় বিজেপি দলের মুখ্যসচেতর মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটর বিধায়ক দীপক বর্মন উপস্থিত ছিলেন। মিছিলেন শুরুতে ছিলেন না শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বিজেপির এই মিছিলে যোগ দেন তা মাধব মোড়ে পৌঁছলে। তারপর বাকি পথ পদযাত্রা করে তিনি আলিপুরদুয়ার রেল ফ্লাইওভারের পাশে রেলের মাঠে জনসভা করেন। এই সভা থেকে তিনি তৃণমূলকে আক্রমণ শানান। এদিন শুধু পিসি-ভাইপোকে নিশানা করেই থামেননি তিনি। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলালকেও দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন।
শুভেন্দু বলেন, একটি বোলেরো গাড়ি আর কিছু টাকার জন্য আপনি দলবদল করেছেন। কিন্তু ওই টাকা আপনি রাখতে পারবেন না। মাটির নীচে টাকা রাখলেও তা খুঁড়ে বের করব। তারপর তিনি জেলা শাসককেও একহাত নেন। শুভেন্দু বলেন, কেন্দ্রীয় সরকার হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণের টাকা দিচ্ছে, সেই টাকার সুদ জেলাশাসকরা মুখ্যমন্ত্রীর জেলা সফরের নামে মচ্ছবে খরচ করছেন।
শুভেন্দু বলেন, আমি এই মঞ্চ থেকে জেলা শাসকদের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। এভাবে আপনারা এই টাকা খরচ করতে পারেন না। রাজ্য সরকারেরও তুমুল সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি কোনওদিন রাজ্যভাগের কথা বলেনি। কেউ যদি এই বিষয়ে কিছু বলে থাকেন, তা তার ব্যক্তিগত বিষয়।
তিনি বলেন, আমরা বারবার বলেছি, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু করেনি রাজ্যের সরকার। তাই উত্তরবঙ্গ থেকে প্রতিবাদ সর্বদা এসেছে। সেই প্রতিবাদকে বিভাজনের মোড়কে দেখা হচ্ছে। এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে হবে। সেজন্য বুথ চলো অভিযানের ডাক দেন তিনি।












Click it and Unblock the Notifications