জ্বর-শ্বাসকষ্টের থাবায় কাঁপছে উত্তরবঙ্গ, ২৪ ঘণ্টায় ফের মৃত্যু ৭ শিশুর
জ্বর-শ্বাসকষ্টে ভয়ঙ্কর পরিণতি, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শিশুর
জ্বরের থাবা কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। যার জেরে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে গোটা পরিস্থিতি। এদিকে কয়েক সপ্তাহ আগেই প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভাইরাল ফিভার। তার মধ্যেই এবার হদিশ মিলেছে ডেঙ্গুর। শেষ পাওয়া খবর অনুযায়ী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ৭ শিশুর। আর এতেই উদ্বেগ বাড়ছে আম-আদমির মধ্যে।

২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার বেলা পর্যন্ত মৃত সাত শিশু প্রত্যেকের বয়স ছ'মাস থেকে এক বছর সাত মাসের মধ্যে। প্রত্যেকেই কোচবিহার এবং জলপাইগুড়ির বাসিন্দা বলেও জানা যাচ্ছে। অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানা যাচ্ছে। যার মধ্যে ১৬ জনের জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। শুক্রবার এমনটাই জানালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

সবথেকে খারাপ অবস্থা ধূপগুড়ির
এদিকে সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়াতে রীতিমতো চিন্তায় পড়েছেন স্বাস্থ্য আধিকারিকেরাও। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেন, 'বরাবরই ডেঙ্গু স্বাস্থ্য দপ্তরের কাছে চিন্তার কারণ। ধূপগুড়িতে ডেঙ্গু ধরা পড়ায় চিন্তা আরও বেড়ে গেল'। এদিকে সম্প্রতি ধূপগুড়ির দু'দিনের এক শিশু ও নয় মাসের এক শিশু আরমান হকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্চে।

কী বলছে প্রশাসন
অন্যদিকে মৃতদের তালিকায় রয়েছে জলপাইগুড়ি রোডের বাসিন্দা রেহান মন্ডল নামে এক বছর সাত মাসের এক শিশুও। পাশাপাশি রাজগঞ্জের দুদিনের এক শিশু, শিলিগুড়ির হাকিমপাড়ার নয় বছরের এক শিশু এবং শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার তিন দিনের আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলেও খবর। ওই শিশুদের সম্প্রতি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল বলে প্রশাসনিক মহল সূত্রে খবর।

কী বলছে সরকারি পরিসংখ্যান
এদিকে পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে ১০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। তাঁদের প্রত্যেকেরই জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল। কিন্তু কোনোভাবেই হয়নি শেষরক্ষা। এদিকে বর্তমানে ওই হাসপাতালে ৫৪ জন শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৪৯ জন শিশু ভর্তি হয়েছে বলে খবর। এদের মধ্যে আবার ৬ জনের জ্বর ও শ্বাসকষ্টর মতো উপসর্গ রয়েছে।












Click it and Unblock the Notifications