কোচবিহারে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনের বৈঠক ঘিরে জল্পনা
কোচবিহারে তাহলে কি এবার নতুন রাজনৈতিক সমীকরণ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে রয়েছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথা মনে করছে ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে কেন গেলেন? গত কয়েক বছরে দুজনের সাক্ষাৎ ও কথা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যে কোনও কারণেই সেই সাক্ষাৎ হয়নি। কিন্তু এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক। ওই আসন এবার গেরুয়া শিবির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর অনন্ত মহারাজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করছে রাজনৈতিক মহল।

অনন্ত মহারাজ বাংলা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মঙ্গলবার বেলায় কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেন। তারপরেই অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যান। তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রী আসবেন। এ কথা সকালেই জানানো হয় অনন্ত মহারাজকে। তখন থেকেই রাজনৈতিক শিবিরে অঙ্ক কষা চলছে।
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। কোচবিহারে নটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখন থেকেই রাজনৈতিক অঙ্ক সাজানোর প্রক্রিয়া শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন উঠছে। কোচবিহারে বিপুল শতাংশে রাজবংশী ভোট রয়েছে। সেই রাজবংশী ভোট তৃণমূল নিজেদের দিকে আনতে মরিয়া। অনন্ত মহারাজ রাজবংশীদের অন্যতম মুখ। সে কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেন? না কি এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ? প্রশ্ন উঠেছে।
অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী এদিন গিয়ে পৌঁছান। তাঁকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। উত্তরীয় পরানো হয় মুখ্যমন্ত্রীকে। হলুদ গামছা দিয়ে সম্মান জানান অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে অনন্ত মহারাজের সঙ্গে করেছেন। কিন্তু এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন।
রাজবংশী ভোট পাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল নেত্রী? তাহলে কি এবার অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূলের সখ্যতা বাড়বে? বিজেপির শিবির থেকে কি দূরত্ব বাড়াবেন অনন্ত মহারাজ? একাধিক প্রশ্নের জল্পনা বাড়ছে।












Click it and Unblock the Notifications