গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাড়হিম ঘটনা, ছাত্রীর গলায় ছুরির কোপ প্রাক্তনীর
রীতিমতো হাড়হিম করা ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীর উপর হামলা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়েছে। হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন এক ছাত্র। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের মধ্যে। ঘটনাটি মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের।
বৃহস্পতিবার বেলার দিকে অন্যান্য দিনের মতোই ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান ভবনেও ক্লাস হচ্ছিল। সেই সময় বিজ্ঞান ভবনের সামনে এই হাড়হিম করা ঘটনা দেখা যায়। আক্রান্ত ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। তিনি অঙ্ক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছেন।

ছাত্রীর গলায় ছুরি মারার পর নিজের উপরেও আক্রমণ চালায় ওই প্রাক্তন ছাত্র। ওই ছুরি সে নিজের গলাতেও চালিয়ে দেয়। আত্মহত্যার চেষ্টা করে অলোক মন্ডল নামে ওই প্রাক্তন ছাত্র। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।
হঠাৎ কী কারণে এই ধরনের হামলা? প্রণয়ঘটিত কোনও বিষয় কি? সেটি এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোহয়েছে। দুজনের চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী সে। ওই প্রাক্তন ছাত্রের নাম অলোক মন্ডল। সে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের পড়ুয়া ছিল। দুজনেই বর্তমানে মালদহ শহরের বাসিন্দা।
এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয় আসে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে অলোক। গলায় এলোপাথাড়ি ছুরি মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী লুটিয়ে পড়ে।তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে অলোক।
নিজের গলায় এলোপাথারি ছুরি মারতে থাকে সে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের। রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ছুরি সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে ঘটনা, তা এখনও জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর বাড়ি অসমে। পড়াশোনার জন্য মালদহতে সে থাকে।












Click it and Unblock the Notifications