মালদহে বন্যা পরিস্থিতি, ইংরেজ বাজার, বামনগোলায় লোকালয়ে জল ঢুকছে
এক দিকে গঙ্গা ভাঙন। অন্য দিকে বন্যার ভ্রুকুটি মালদহ জেলায়। মালদহের উত্তর-পশ্চিম প্রান্তের রতুয়াতে এক দিকে চলছে তীব্র গঙ্গা ভাঙন। ঠিক অন্য দিকে জেলার পূর্বপ্রান্তে বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
টাঙন, পুর্নভবা নদীর জল এলাকায় ঢুকছে। জলমগ্ন হয়ে গিয়েছে অনেক এলাকা। ভয়ংকর পরিস্থিতি হতে চলেছে ইংরেজ বাজারে। এমনই আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মহানন্দা নদীর জল পুরসভার বহু ওয়ার্ডে ঢুকছে। তাই বাড়ছে দুশ্চিন্তা।

ইংরেজবাজার পুরো এলাকার ৮, ৯, ১২, ১৩ ও ২১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। মহানন্দা নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, তাতে এই জল আরও বাড়বে। এই দুর্ভাবনাতেই আতঙ্কিত বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গত কয়েক দিনে বৃষ্টিতে মহানন্দার জল অনেকটাই বেড়েছে। নদীর তীরবর্তী যে সমস্ত ওয়ার্ড রয়েছে, তার অবস্থা খুব খারাপ। বহু বাড়িতেই এক তলায় জল ঢুকেছে। অনেক পরিবারের ত্রিপল ও অন্যান্য জিনিসপত্র দরকার। নিরাপদ জায়গায় তাদের নিয়ে যাওয়া দরকার। কিন্তু পুরসভার পক্ষ থেকে তেমনটা কিছুই করা হয়নি। তৃণমূল তেমন কোনও পদক্ষেপই করছে না। কটাক্ষ ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর।
" যা যা করি প্রতি বছর, এই বছরও করব। মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন ফ্লাড সেন্টারের জন্য। কাজ শেষ পর্যায়ে আছে। সেখানেই বানভাসীদের রাখা হবে।" মন্তব্য ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।
সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, " বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা সব দিকে নজর রাখছি। সরকার মানুষের পাশে আছে। উত্তরবঙ্গে অতি বৃষ্টির ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মালদহ জেলায়।"
তিনি আরও জানিয়েছেন, এই পরিস্থিতিতে ত্রাণ বন্টন নিয়ে কোনও সমস্যা নেই। যথেষ্ট ত্রাণ জেলায় রয়েছে। ইতিমধ্যে জলমগ্ন বামনগোলা এলাকা পরিদর্শন করেছেন মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং।












Click it and Unblock the Notifications