Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বপ্নপূরণ! কোচবিহারে নামল বিমান, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজও

প্রথম দিনের এই বিমানে রাজ্য সরকারের পাঁচ প্রতিনিধি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রের সাথে সংঘাত জারি রেখে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বিমানে আসেননি।

রাজ্য কেন্দ্রের সংঘাতের মধ্যেই বিমান নামল কোচবিহারে। অবশেষে হল স্বপ্নপূরণ। তবে বিতর্ক রয়েই গেল। কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু হল ঠিকই, কিন্তু রাজ্য সরকার বা রাজ্যের শাসকদলের কোনও প্রতিনিধি যোগ দিলেন না বিমান পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে।

মঙ্গলবার কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া ওয়ান সংস্থার ৯ আসনবিশিষ্ট বিমানটি সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ ছেড়ে কোচবিহার বিমানবন্দরে এসে নামে ১টা ৪০ মিনিট নাগাদ। মঙ্গলবার এই বিমানে চেপে কোচবিহার এলেন কোচবিহার জেলার বিজেপির পাঁচ বিধায়ক।

স্বপ্নপূরণ! কোচবিহারে বিমান উদ্বোধনে নিশীথ-অনন্ত

প্রথম দিনের এই বিমানে রাজ্য সরকারের পাঁচ প্রতিনিধি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রের সাথে সংঘাত জারি রেখে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বিমানে আসেননি। সূত্রের খবর, রাজ্য সবক'টি আসন চেয়েছিল, যা কেন্দ্র দিতে রাজি হয়নি। পাশাপাশি এই বিমানের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই দাবিও করা হয় সংস্থার পক্ষে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিমানে আসার কথা ছিল কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের। কিন্তু রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়ে দেন অনিবার্য কারণবশতঃ তিনি বিমান যাত্রা বাতিল করছেন।

শেষপর্যন্ত দেখা যায়, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বিমানে কোচবিহার এসে পৌছলেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রীও এই বিমান পরিষেবার উদ্বোধন করলেন না। তবে মঙ্গলবার বিজেপি বিধায়কদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিক-সহ বিজেপির কর্মী-সমর্থকরা। ছিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ।

মঙ্গলবার ৩টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই বিমান রওনা হয় ৫ জন কোচবিহারবাসীকে নিয়ে। মঙ্গলবার যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন সেই পাঁচজনের মধ্যে ছিলেন একজন কৃষক, একজন মাছ ব্যবসায়ী, একজন কাঠমিস্ত্রি এবং একজন বাউল শিল্পী ছিলেন।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা করেছিলেন, আগামী তিন মাস এই বিমানের ভাড়া থাকবে ৯৯৯ টাকা। তবে এই ৯৯৯ টাকা তিন মাসের জন্য নয়, থাকবে শুধুমাত্র ন'দিনের জন্য। তা জানিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছে শাসকদল।

বিমানে কোচবিহার থেকে প্রথম দিনের যাত্রী হিসেবে ৫ সাধারণ মানুষের উপস্থিতি বিরোধী দলের পূর্ব পরিকল্পিত বলেই মত শাসকদলের। যদিও বিমান পরিষেবাকে সাধুবাদ জানিয়েছেন তারা। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক ইগোর কারণে সমস্ত অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল পাল্টা মত বিজেপির।

কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমের আওতায় আমেদাবাদের একটি বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ার দায়িত্ব পেয়েছেন কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার। প্রতিদিন কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর এবং জামশেদপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলাচল করবে এই বিমান।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, দীর্ঘদিন বাদে কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমের আওতায় বহু প্রতীক্ষিত কোচবিহার বিমানবন্দর আমরা চালু করতে পেরেছি। সাধারণ মানুষের সুবিধার্থেই এই বিমান পরিষেবা চালু করতে সক্ষম হয়েছে কেন্দ্র। রাজ্যের প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনোই সংঘাতে যেতে চাই না। রাজ্য সাহায্য করবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি। ‌

যদিও এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানিয়ে দেন, কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হয়েছে এটা ভালো খবর। তবে নয় আসনবিশিষ্ট এই বিমানের ৯৯৯ টাকা ভাড়া শুধুমাত্র ৯ দিনের জন্য- এটা পঞ্চায়েতের আগে একটা গিমিক। উদয়ন গুহ কটাক্ষ করে বলেন, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই আমি যাইনি।

Recommended Video

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কলকাতা থেকে বিমানে কোচবিহার এলেন বিজেপির ৫ বিধায়ক

রাজনৈতিক সংঘাতের মধ্যে হলেও বিমান পরিষেবা চালু হওয়াতে খুশি কোচবিহারের সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, তার আগে এই বিমান পরিষেবা নিয়ে ফায়দা তুলতে ব্যস্ত রাজ্য ও কেন্দ্র দুই রাজনৈতিক দলই। তবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই বিমান পরিষেবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করায় কিছুটা হলেও ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। রাজ্য সরকার নিজেদের প্রতিনিধিদের সরিয়ে নেওয়ায় পঞ্চায়েতের আগে কিছুটা ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস।

কোচবিহার থেকে কলকাতা বিমানে ভ্রমণকারী যাত্রীদের হাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফুলের তোড়া এবং টিকিট তুলে দেন। আগামীকাল থেকে প্রতিদিন এই বিমান চলাচল করবে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত। বিমান পরিষেবার উদ্বোধনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপির নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+