মুর্শিদাবাদে তৃণমূল তৃতীয় স্থান পাবে, ওসি-অপসারণের পর এসপি-ডিএমকে নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
শুভেন্দু এদিন বলেন, সাগরদিঘিতে এসে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থান পাবে। ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবে।
মুর্শিদাবাদে উপনির্বাচনের দুদিন আগে সাগরদিঘি থানার ওসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ওসি অভিজিৎ সরকার নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেইসঙ্গে অন্য জেলা থেকে সাগরদিঘিতে নতুন ওসি নিয়োগেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরই সাগরদিঘি ওসির অপসারণ নিয়ে 'পরামর্শ' দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীয
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, শুধু সাগরদিঘি থানার ওসিকে নয়, জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকেও সরানো দরকার। জেপি নাড্ডার উপরে পাথর ছোঁড়া-কাণ্ডে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফরের অধীনে ক্লোজ ছিলেন। তার অর্ডার প্রত্যাহার করাও হয়নি। আমি দাবি করব জেলাশাসক এবং জঙ্গিপুর জেলা পুলিশ সুপার- এই দুজনকেই ইতিমধ্যেই ক্লোজ করা হোক।

সেইসঙ্গে তিনি দাবি করেন, সাগরদিঘি থানার ওসিকে শুধু সরালেই হবে না, সাসপেন্ড পর্যন্ত করা উচিত। এরপর তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশের পোশাক পরে তৃণমূলের কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কর্মীদের ব়্যাফের পোশাক দেওয়া হয়েছে। আর ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে।
শুভেন্দু অভিযোগ করেন, গোটা এলাকায় চার দিন টহল চললেও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। কোথাও রুট মার্চ পর্যন্ত করা হয়নি। তিনি হুঁশিয়ারি দেন, যদি এখনও সংযত না হন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাঁচাতে পারবেন না। একজন ওসি রিটায়ার করার পরেও জেল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাবে না, ভাইপোও বাঁচাবে না। এই বলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, এর আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ভোটে লুঠ হয়েছে, ১৮-র পঞ্চায়েত এবং ২০২২-এর পুরসভা ভোটে যেভাবে লুঠ হয়েছে তার ব্যতিক্রমী নির্বাচন হিসেবে গণতান্ত্রিকভাবে এখানে ভোট হোক। এখানে আমাদের প্রচার অভিযানে যেভাবে মানুষের সাড়া পেয়েছি, আমরা আশাবাদী ২০১৯ এবং ২০২১-এর শুধু ভোট ধরে রাখা নয়, আরো অনেক বাড়তি ভোট পাব।
শুভেন্দু এদিন বলেন, সাগরদিঘিতে এসে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থান পাবে। ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবে এবং শুধুমাত্র রাষ্ট্রবাদী মানুষ নয় যারা উন্নয়ন চান, দুর্নীতিকে পরাস্ত করতে চান তারাও এক ছাতার তলায় এসে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেবেন।
শুভেন্দু বলেন, বিজেপির বুথ এজেন্ট হিসেবে বঞ্চিত চাকরিপ্রার্থীরা এগিয়ে আসছেন। তাই যাঁদের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তাঁদের আর ভোট দেবেন না মানুষ। শুভেন্দু বলেন, সাগরদিঘিতে গণদেবতাকে বলব আপনারা যদি তৃণমূলকে ভোট দেন, তাহলে অর্পিতা, পার্থ, মোনালিসা, হৈমন্তীদের বাড়বাড়ন্ত হবে। আপনাদেরকেই ঠিক করতে হবে তৃণমূলকে হারাতে পারবেন কি না। এত চুরির পরেও তৃণমূলকে কেন ভোট দেন? এবার চুরির বিরুদ্ধে ভোট হবে। ২৭ তারিখে চুরির বিরুদ্ধে, টাকার পাহাড়ের বিরুদ্ধে ভোট দিন সবাই।












Click it and Unblock the Notifications