Wrestling: ভারতীয় কুস্তি ফেডারেশনের স্বস্তি, নিষেধাজ্ঞা উঠলেও মানতে হবে কোন কোন শর্ত?
Wrestling: ভারতীয় কুস্তি মহলে স্বস্তি! দেশের কু্স্তি ফেডারেশনের উপর সাসপেনশন জারি করেছিল বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গত বছরের অগাস্ট মাসের ২৩ তারিখে।
যদিও আজ থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্য়াহার করার কথা ঘোষণা করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

যথাসময়ে ফেডারেশনের নির্বাচন করাতে না পারায় ভারতের কুস্তি সংস্থার উপর সাসপেনশন জারি করা হয়েছিল। ফেডারেশনে সেই সময় যে ডামাডোল তৈরি হয়েছিল তার জেরে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের ডিসিপ্লিনারি চেম্বার জারি করে প্রভিসনাল সাসপেনশন।
গত ৯ ফেব্রুয়ারি UWW ব্যুরোর গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানেই সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অবশ্যই বেশ কয়েকটি শর্তসাপেক্ষে। এর মধ্যে উল্লেখযোগ্য, ভারতের কুস্তি সংস্থাকে অ্যাথলিটস কমিশনের নির্বাচন করাতে হবে। বর্তমান অ্যাথলিট কিংবা গত চার বছরের মধ্যে অবসর নিয়েছেন এমন ক্রীড়াবিদরাই প্রার্থী হতে পারবেন।
এই নির্বাচন করাতে হবে চলতি বছরের ১ জুলাইয়ের মধ্যেই। নির্বাচনী প্রক্রিয়ায় শুধুমাত্র অ্যাথলিটরাই অংশ নিতে পারবেন। ফলে কোনও ট্রায়াল বা সিনিয়র ন্যাশমাল চ্যাম্পিয়নশিপের সময়ই নির্বাচন করাতে শর্ত আরোপ করা হচ্ছে। ভারতের কুস্তি ফেডারেশনের ইভেন্টগুলিতে কুস্তিগীররা যাতে বৈষম্যের শিকার না হন তার নিশ্চয়তা লিখিত আকারে ফেডারেশনকে অবিলম্বে দিতে হবে।
অলিম্পিক গেমসের ট্রায়াল কিংবা জাতীয় বা আন্তর্জাতিক ইভেন্টে কোনও কুস্তিগীরকে অহেতুক বঞ্চনা বা হেনস্থা করা যে যাবে না, শর্ত আরোপ করতে গিয়ে তা স্পষ্ট করে দিয়েছে বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সরব হওয়া তিন কুস্তিগীরদেরও যাতে সমস্যায় না পড়তে হয় তা সুনিশ্চিত করতে হবে।
#BreakingNews: United World Wrestling has lifted the suspension of Wrestling Federation of Indiahttps://t.co/3hA5QRlKvr
— United World Wrestling (@wrestling) February 13, 2024
উল্লেখ্য, এই তিন কুস্তিগীর হলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া ও অবসর ঘোষণা করা সাক্ষী মালিক। ফলে সাক্ষী এবার অবসর ভাঙেন কিনা সেটা দেখার বিষয়। UWW ইভেন্টগুলিতে এখন থেকে ভারতীয় কুস্তিগীররা দেশের পতাকাতলে থেকে প্রতিনিধিত্ব করতে পারবেন। সাসপেনশনে থাকাকালীন UWW পতাকা ব্যবহার করতে হচ্ছিল ভারতীয়দের।
ভারতীয় কুস্তিগীররা পদক জিতলে এবার থেকে বাজবে ন্যাশনাল অ্যান্থেম। উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশনের নানা অপকর্ম নিয়ে সরব হয়েছিলেন কুস্তিগীররা। তাঁদের নানাভাবে কণ্ঠরোধের প্রচেষ্টা, হেনস্থা করা হয়। যদিও বিষয়টিকে UWW ভালোভাবে নেয়নি। অগাস্টে সাসপেন্ড করার আগে জুনে সতর্কও করা হয়েছিল।












Click it and Unblock the Notifications