Premier Chess League: প্রিমিয়ার চেস লিগ ঘিরে আগ্রহ তুঙ্গে, একঝাঁক দাবাড়ু তুলে আনতে অভিনব উদ্যোগ
Premier Chess League: প্রিমিয়ার চেস লিগ। সারা বাংলা দাবা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অভিনব এই দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে ইভেন্টজ ওয়ার্ল্ডওয়াইড (EVENTZWorldwide)।
সারা বাংলা থেকে একঝাঁক দাবাড়ু তুলে আনার লক্ষ্যেই অভিনব এই উদ্যোগ। বালুরঘাটের পর এবার এই লিগের জোন বি-র প্রতিযোগিতা হবে দুর্গাপুরে, জুলাইয়ের ১ ও ২ তারিখ।

চেস প্রিমিয়ার লিগের চেয়ারম্যান গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানান, বাংলার দাবার অগ্রগতির ক্ষেত্রে এই টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা নেবে বলে আশা রাখি। বাংলার ২৩টি জেলাকে ভাগ করা হয়েছে ৬টি জোনে। প্রতিটি জোন থেকে ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বয়সের ১০ জন পুরুষ ও দাবাড়ু বেছে নেওয়া হবে। র্যাপিড ও ব্লিটজ ফরম্যাটে খেলা হবে।

ইভেন্টজ ওয়ার্ল্ডওয়াইড এর আগে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে চোখধাঁধানো ক্রিকেট লিগ আয়োজন করে নজর কেড়েছিল। এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আরও দাবাড়ু তুলে আনতে শুরু হয়েছে প্রিমিয়ার চেস লিগ-বেঙ্গল চ্যাপ্টার। বাংলায় এই ধরনের কোনও প্রতিযোগিতা এই প্রথম।
১০ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ১ ও ২ জুলাই জোন বি-র খেলা হবে পুরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরে। অংশ নেবেন দুই বর্ধমান, বীরভূম পুরুলিয়া, বাঁকুড়া জেলার দাবাড়ুরা। জোন ডি-র খেলা হবে আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজিতে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাচ্ছে ২৮ জুন অবধি।

বাংলার দাবার উন্নতিই তাঁদের মূল লক্ষ্য বলে জানালেন ইভেন্টজ ওয়ার্ল্ডওয়াইডের কর্ণধার অমৃতেন্দু বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছরে এই রাজ্য থেকে অনেক গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার উঠে এসেছেন। সেই ধারা আরও ত্বরান্বিত করতে চান আয়োজকরা।

অমৃতেন্দু বলেন, এখনও অনেকে আছেন যাঁরা পর্যাপ্ত সুযোগ পান না। অনেক নতুন ছেলে-মেয়েও লিগে অংশ নিচ্ছেন। আশা করছি এই প্রতিযোগিতা থেকে উঠে আসা দাবাড়ুরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার নাম উজ্জ্বল করবেন। প্রতিযোগিতার ফাইনাল কলকাতায় হবে অগাস্টের ১২ ও ১৩ তারিখ। ৬০ জন বাছাই দাবাড়ু অংশ নেবেন।












Click it and Unblock the Notifications