Paris Olympics 2024: মনু-সরবজ্যোৎ ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে, রমিতার পদক অধরাই
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদকের দোরগোড়ায় মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠলেন সরবজ্যোৎ সিংকে নিয়ে।
যদিও ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে হতাশ করলেন রমিতা জিন্দল। সপ্তম স্থান অধিকার করে বিদায় নিলেন তিনি।

মাত্র ১ পয়েন্টের জন্য মনু-সরবজ্যোৎ জুটি সোনা জয়ের ম্যাচে নামার যোগ্যতা অর্জন করতে পারল না। মিক্সড টিম ইভেন্টের বাছাই পর্বে প্রথম দুটি দল গোল্ড মেডেল ম্যাচ খেলে, সেক্ষেত্রে নিদেনপক্ষে রুপো জেতার সম্ভাবনা থাকে। মনুরা দ্বিতীয় স্থানে কিছুক্ষণ থাকলেও শেষরক্ষা হয়নি।
সোনা জয়ের দ্বৈরথ হবে তুরস্ক ও সার্বিয়ার মধ্যে। তুরস্কের শ্যুটারদের স্কোর ৫৮২। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সের বাছাই পর্বে যা ছিল ভারতের স্কোর। সেই কোয়ালিফিকেশন অলিম্পিক রেকর্ড স্পর্শ করল তুরস্ক। সার্বিয়ার স্কোর ৫৮১। ভারতের স্কোর ৫৮০।
প্রথম সিরিজে মনু ৯৮ ও সরবজ্যোৎ ৯৫ স্কোর করায় ভারতের স্কোর ছিল ১৯৩। দ্বিতীয় সিরিজে মনু মারেন ৯৮, সরবজ্যোৎ ৯৭, মোট ১৯৫। তৃতীয় সিরিজে ভারতের স্কোর দাঁড়ায় ১৯২, মনু মারেন ৯৫, সরবজ্যোৎ ৯৭। ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে ভারতের লড়াই কোরিয়ার সঙ্গে। কোরিয়ান শ্যুটারদের স্কোর ৫৭৯।
এই ইভেন্টে ফাইনালে যেতে পারেনি ভারতের রিদম সাঙ্গওয়ান ও অর্জুন সিং চিমার জুটি। প্রথম সিরিজে অবশ্য তাঁরা এগিয়ে ছিলেন মনুদের চেয়ে। দুজনেউ ৯৭ স্কোর করায় মোট স্কোর ছিল ১৯৪। যদিও পরের দুটি সিরিজে ১৯২ ও ১৯০ স্কোর করায় তাঁরা দশম স্থানে নেমে যান।
১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের ফাইনালে হতাশ করলেন রমিতা জিন্দল। ভালো লড়াই চালিয়েও শেষের দিকে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। কাজাখস্তানের লে আকেকজান্দ্রার কাছে শ্যুটআউটে হেরে সপ্তম স্থানে শেষ করলেন ভারতীয় শ্যুটার।
রমিতা প্রথম স্টেজে প্রথম পাঁচটি শটে ৫২.৫ স্কোর করেন। ১০টি শটের পর তাঁর স্কোর ছিল ১০৪.০। শেষ শটটি ছিল ৯.৭-এর। যা রমিতার পথ কঠিন করে দেয়। এরপরও পদকের আশা জিইয়ে ছিল। স্টেজ টু-র প্রথম দুটি শটে তাঁর স্কোর ছিল ১২৪.৯।
এর পরের দুটি শট রমিতার ছিল ১০.২ করে। স্কোর সমান থাকায় শ্যুটআউট হয়। তাতে আলেকজান্দ্রা ১০.৫ মারলেও, রমিতার শেষ শট ছিল ১০.২-এর। ০.১-এর ব্যবধানে ভেঙে যায় রমিতার পদক জয়ের স্বপ্ন।












Click it and Unblock the Notifications