Paris Olympics 2024: লক্ষ্য সেন কাল নামছেন ব্রোঞ্জের ম্যাচে, লি জি জিয়ার বিরুদ্ধে কেন ফেভারিট ভারতীয় শাটলার?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকেও ব্যাডমিন্টনে ভারতের সোনা এলো না। অলিম্পিক্সের আসর থেকে আজ অবধি সোনা জিততে পারেননি কোনও শাটলার।
২০১২ সালে সাইনা নেহওয়াল ব্রোঞ্জ, ২০১৬ সালে পিভি সিন্ধু রুপো ও ২০২১ সালে টোকিও থেকে সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে লক্ষ্য কাল ব্রোঞ্জ জিততে পারেন।

টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী ভিক্টর আক্সেলসেনের বিরুদ্ধে দুটি গেমেই আজ এগিয়ে থেকেও জয় হাসিল করতে পারেননি লক্ষ্য। চলতি প্যারিস অলিম্পিক্সে এদিনই তিনি প্রথম পরাজয়ের সম্মুখীন হলেন। যদিও সেই ধাক্কা কাটিয়ে উঠে তিনি ব্রোঞ্জ দখলে নিতে মুখিয়ে।
আজকের ম্যাচের পর লক্ষ্য বলেন, প্রথম সেটে আক্সেলসেন আগ্রাসী মেজাজে যখন খেলতে থাকেন তখন আমি কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ি। পরে মনে হয়েছে, আমারও আরও কিছুটা আগ্রাসী খেলা উচিত ছিল, তাহলেই গেমগুলিতে আক্সেলসেনকে হারানো যেত।
যদিও এরপরই লক্ষ্য জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার ফোকাস এবার পরবর্তী ম্যাচে। এই ম্যাচ থেকেও অনেক কিছু শিখলাম। তবে পরের টার্গেটেই ফোকাস স্থির করছি। কাল ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ব্রোঞ্জ মেডেল ম্য়াচ খেলবেন লক্ষ্য।
লক্ষ্য সেনকে এবার খেলতে হবে মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে। তিনি প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন সিঙ্গলসের সপ্তম বাছাই। তবে আক্সেলসেনের বিরুদ্ধে এদিন লক্ষ্য যেভাবে খেলেছেন, সেই ছন্দ ধরে রাখলে পদক জয়ে অসুবিধা হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।
পারস্পরিক দ্বৈরথেও লি জি জিয়ার বিরুদ্ধে এগিয়ে রয়েছেন লক্ষ্য। আজ অবধি তাঁদের মধ্যে চারটি ম্যাচ হয়েছে। লক্ষ্য জিতেছেন তিনটিতে, একটিতে জয় পেয়েছেন লি জি জিয়া। ২০২২ সালে ১২ মে থমাস কাপের প্লে-অফে লক্ষ্যকে ২-০ ব্যবধানে হারিয়েছিলেন তিনি। জেতেন ২৩-২১, ২১-৯ ব্যবধানে।
লক্ষ্য প্রথমবার জিয়ার মুখোমুখি হন ২০২২ সালের ১৯ মার্চ। অল ইংল্যান্ড ওপেনে জিতেছিলেন ২-১-এ। সেবার সেমিফাইনালে জিয়ার বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে জয় আসে ২১-১৩, ১২-২১, ২১-১৯-এ। গত বছর ১৪ জুন ইন্দোনেশিয়ান ওপেনে লি জি জিয়াকে ২১-১৭, ২১-১৩-তে হারান লক্ষ্য।
চলতি বছর, গত ১৫ মার্চ অল ইংল্যান্ড ওপেনে সর্বশেষ দ্বৈরথ হয়েছিল লক্ষ্য সেন ও লি জি জিয়ার মধ্যে। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য জেতেন ২-১ ব্যবধানে। খেলার ফল ২১-১৬, ২১-১৯। তবে প্যারিস অলিম্পিক্সের ফর্ম যদি মাপকাঠি হয় তাহলে লক্ষ্য যে পারফরম্যান্স উপহার দিয়েছেন, তাতে সেই নিরিখেও এগিয়েই লক্ষ্য।












Click it and Unblock the Notifications