Paris Olympics 2024: হকিতে অপরাজেয় ভারত গ্রুপের শীর্ষে, আয়ারল্যান্ড চূর্ণ হরমনপ্রীতের জোড়া গোলে
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকিতে ভারত গ্রুপ শীর্ষে পৌঁছে গেল। আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর ভারত গতকাল ড্র করেছিল আর্জেন্তিনার বিরুদ্ধে। দুটিতেই পিছিয়ে থেকে প্রত্যাবর্তন করেছিল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা। আজকের জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুল বি-র শীর্ষে ভারত।

অগাস্টের ১ তারিখ বেলা দেড়টা থেকে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। ২ অগাস্ট ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই দুটি ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপাতত বেলজিয়াম ও অস্ট্রেলিয়া ২টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্টে দাঁড়িয়ে।
আয়ারল্যান্ড পুল বি-র একেবারে নীচে রয়েছে। তারাও আজকের ম্যাচে ১০টি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল। অস্ট্রেলিয়া বা বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে যা ভারতীয় শিবিরে চিন্তার কারণ। অধিনায়ক হরমনপ্রীত সিং ম্যাচের পর জানান, এই বিষয়টি তাঁরা মাথায় রাখবেন। পরের দুটি ম্যাচই কঠিন ম্যাচ। খামতি মিটিয়ে ভারত ধারাবাহিকতা বজায় রাখায় জোর দেবে।
আজকের ম্যাচে বিরতির আগেই ভারত ২-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পরের দুই কোয়ার্টারে আর গোল হয়নি। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটের মাথায় হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। ভারতের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। গোলদাতা সেই হরমনপ্রীতই।
এবারের প্যারিস অলিম্পিক্সে চারটি গোল করে এখনও অবধি সর্বাধিক গোলদাতাও হরমনপ্রীত। আজও কোনও ফিল্ড গোল আসেনি। এই বিষয়টির কথাও পরবর্তী ম্য়াচগুলির রণকৌশল করার সময় মাথায় রাখবে ভারতীয় দল। সবমিলিয়ে আগামী দুটি ম্যাচই এবারের অলিম্পিক্সে ভারতের ভাগ্যলিখন স্পষ্ট করে দেবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications