Paris Olympics 2024: আইফেল টাওয়ারে অলিম্পিক্সের প্রতীক! পাঁচটি গোলাকৃতি রিংয়ে কোন বার্তা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। সেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হবে আইফেল টাওয়ার অবধি।
অভিনব উদ্বোধনী অনুষ্ঠানের আগে আইফেল টাওয়ারে শোভা পাচ্ছে অলিম্পিক্সের প্রতীক বা সিম্বল। পাঁচটি গোলাকৃতি রিংয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একাধিক বার্তা।

অলিম্পিক্সের এই প্রতীক বিশ্বের ক্রীড়াক্ষেত্রে সর্বাপেক্ষা জনপ্রিয় বলে মনে করা হয়। কিন্তু জানেন কি, কোন ভাবনা থেকে এটি তৈরি করা হয়েছিল? পাঁচটি গোল রিং একে অপরের সঙ্গে সঙ্ঘবদ্ধভাবে রয়েছে। বাঁদিক থেকে ডানদিক অবধি রয়েছে নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রংয়ের রিং।
একেকটি রিং একেকটি মহাদেশ এবং সেখানকার অ্যাথলিটদের সূচিত করছে। অলিম্পিক মুভমেন্টকেও তুলে ধরা হয়েছে এই সিম্বলের মাধ্যমে। যে মহাদেশগুলিকে এই রিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেগুলি হলো- আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া।
যদিও কোনও মহাদেশকে কোনও বিশেষ রংয়ের মাধ্যমে বোঝানো হয়নি। এই প্রতীকটি ডিজাইন করেছিলেন অলিম্পিক আন্দোলনের জনক পিয়ের দে কুবার্তিন (Pierre de Coubertin)। তিনিই জানিয়েছিলেন, অলিম্পিক আন্দোলনের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তকে একসঙ্গে যুক্ত করার ভাবনা থেকেই এই সিম্বল।
অলিম্পিক্সের এই সিম্বলের কথা উল্লেখ রয়েছে অলিম্পিক চার্টারের ৮ নম্বর রুলে। অলিম্পিক মুভমেন্টের কার্যকলাপ ও বিশ্বের বিভিন্ন মহাদেশের ক্রীড়াবিদদের অলিম্পিক্সে অংশগ্রহণকেই সূচিত করছে এই সিম্বল। জানা গিয়েছে, এই সিম্বলে যে রংগুলি রয়েছে তার কোনও না কোনও অলিম্পিক্সে অংশগ্রহণকারী দেশগুলির জাতীয় পতাকায় থাকে। সে কারণেই এই রংগুলির ব্যবহার।












Click it and Unblock the Notifications