Manu Bhaker: অলিম্পিক্সে যাওয়াই ঠিক হয়নি! খেল রত্নে মনোনয়ন না পেয়ে আক্ষেপ মনুর, আসরে ক্রীড়া মন্ত্রক
Manu Bhaker: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে। এ ছাড়াও গড়েছেন একাধিক নজির।
সেই মনু ভাকেরের নামই নেই মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের তালিকায়। যা নিয়ে খুবই ক্ষুব্ধ মনু ও তাঁর পরিবার। বিকর্কের মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় ক্রীড়া দিবসের পুরস্কারের প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রয়োজনে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাদের ক্ষমতা প্রয়োগ করে কারও নাম যোগ করতে পারে। মনুর নাম সেই নিয়মেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনোনীত করতে চলেছে বলে খবর।
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মেয়েদের ব্যক্তিগত বিভাগের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে পদক জেতেন মনু। অলিম্পিক্সের পাশাপাশি আন্তর্জাতিক আঙিনায় আরও সাফল্য পেয়েছেন মনু। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের জন্য মনুর নাম মনোনীত হওয়ার কথা। তা না হওয়ায় তুঙ্গে উঠেছে বিতর্ক।
অলিম্পিক্সে পদক জিতেছেন, কিন্তু খেল রত্ন পুরস্কার পাননি, এমন সকলকেই ২০২১ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছিল। মনুর নাম সেই নিয়মেই থাকার কথা। মনু এই পুরস্কারের জন্য আবেদনও করেছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা রাম কিষেণ ভাকের। তারপরও বঞ্চনার শিকার মনু।
এই পুরস্কারের জন্য যে কমিটি রয়েছে তারা সুপারিশ করেছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের তারকা, ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং, প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার (যিনি টি৬৪ বিভাগের হাই জাম্পে সোনা জেতেন প্যারিস অলিম্পিক্সে)-এর নামষ
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের দাবি ছিল, মনু আবেদন করেননি। কিন্তু প্রশ্ন উঠছে, ২০২১ সালেই তো দেখা গিয়েছে অলিম্পিক্সে পদকজয়ীদের খেল রত্ন দেওয়া হয়েছে। তাহলে কেন বাদ পড়ল মনুর নাম? এই বিতর্কের মধ্যে নিয়মের দিকে সকলের নজর। যাতে বলা আছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অধিকার রয়েছে দুজনের নাম সুপারিশ করার।
প্রশ্নের মুখে পড়ছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ভূমিকাও। যদি কোনও ক্রীড়াবিদ আবেদন না করেন, তাহলে তাঁর নাম সুপারিশ করতে পারে দেশে সংশ্লিষ্ট খেলার নিয়ামক সংস্থা। ফলে এটা স্পষ্ট, এনআরএআই মনুর নাম পাঠায়নি। তবে এখন তারা মনুর জন্য দরবার করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে।
জানা যাচ্ছে, মনু খেল রত্নের পাশাপাশি পদ্মভূষণ ও পদ্মশ্রীর জন্য়ও আবেদন করে রেখেছেন। পদ্ম পুরস্কারের পোর্টালে তিনি আবেদন করেছেন সেপ্টেম্বরের ১৫ তারিখ। মনুর বাবা রাম কিষেণ ভাকের এক সাক্ষাৎকারে বলেছেন, আমার ভুল হয়েছে মনুকে শ্যুটিংয়ে নিয়ে আসায়। তাঁকে ক্রিকেটার হওয়ার জন্য উৎসাহিত করা উচিত ছিল। তাহলে সব পুরস্কারই মনুর ঝুলিতে আসতো।
গোটা ঘটনায় মনু নিজেও ক্ষুব্ধ। বাবাকে মনু বলেছেন, আমার অলিম্পিক্সে যাওয়াই উচিত হয়নি। দেশের জন্য পদক জেতাও ঠিক হয়নি। সর্বোপরি খেলাধুলোর জগতে আসার জন্যই আক্ষেপ অনুভব করছেন মনু। জানা যাচ্ছে, হরমনপ্রীত বাদে প্যারিস অলিম্পিক্সের কোনও পদকজয়ীর নামই রাখা হয়নি খেল রত্নের মনোনীতদের তালিকায়। ফলে কমিটির বড় ভুলের ড্যামেজ কন্ট্রোল করতে হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককেই।












Click it and Unblock the Notifications