Kelvin Kiptum: চব্বিশেই থেমে গেল কেলভিনের দৌড়, মাস চারেক আগেই ভেঙেছিলেন ম্যারাথনের বিশ্বরেকর্ড
Kelvin Kiptum: অকালেই থেমে গেল কেনিয়ার লং ডিসট্যান্স রানার কেলভিন কিপটামের দৌড়। কোচের সঙ্গেই গাড়ি দুর্ঘনায় প্রাণ হারালেন বছর চব্বিশের এই অ্যাথলিট।
মাস চারেক আগেই কেলভিন কিপটাম ম্যারাথনের বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়েছিলেন। কিন্তু নাইরোবির গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল প্রতিভাবান এই রানারকে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে কেলভিন কিপটাম ম্যারাথনে নিজের নাম অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে জেতেন ভ্যালেন্সিয়া ম্যারাথন। ২০২৩ সালে লন্ডন ম্যারাথনেও তিনি সকলকে ছাপিয়ে গিয়েছিলেন। কেরিয়ারের তৃতীয় ম্যারাথনেই গড়েন বিশ্বরেকর্ড।
গত বছরের ৮ অক্টোবর ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় করে শিকাগো ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছিলেন কিপটাম। সেই ম্যারাথনে কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগেও ছিলেন। ম্যারাথনে নামার আগে তিনি এক সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কিপচোগেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সুযোগ পেয়ে।
প্যারিস অলিম্পিকে কিপচোগের সঙ্গেই কিপটামের নাম কেনিয়া রেখেছিল প্রাথমিক ১০ জনের তালিকায়। তবে তার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কিপটাম ও তাঁর কোচ। এলডোরেটের রিফট ভ্যালি টাউনে গতকাল রাতে ঘটে গাড়ি দুর্ঘটনা। টয়োটা প্রিমিও গাড়ি নিজেই চালাচ্ছিলেন কিপটাম, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে গাড়িটির। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত কোচ, রোয়ান্ডার জার্ভেইস হাকিজিমানা এবং শ্যারন কসজি নামের এক মহিলা। সজোরে গাছে গিয়ে গাড়িটি ধাক্কা মারায় কিপটাম ও তাঁর কোচ মারা যান। মহিলা সহযাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
৩৬ বছরের হাকিজিমানা শুধু যে কিপটামের কোচ ছিলেন তা নয়, নিজেও সফল ডিসট্যান্স রানার ছিলেন। ৩০০০ মিটার স্টিপলচেজে রোয়ান্ডার রেকর্ড তাঁরই দখলে। লন্ডন ম্যারাথন থেকেই কিপটাম-হাকিজিমানার জুটি চমক দেখাতে থাকে উল্লেখযোগ্য রণকৌশলের সৌজন্যে। কিপটাম ও হাকিজিমানার প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো।
গত সপ্তাহেই শিকাগোয় গিয়ে কিপটামের কীর্তিকে মান্যতা দিয়েছিলেন সেবাস্তিয়ান কো। কিন্তু কয়েক দিনের মধ্যেই যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা অপ্রত্যাশিত। অলিম্পিক্সের আগে এপ্রিলে রটারডাম ম্যারাথনে নামার পরিকল্পনা ছিল কিপটামের। ২ ঘণ্টারও কম সময়ে ম্যারাথন সম্পূর্ণ করে নিজের বিশ্বরেকর্ডকে আরও উন্নত করা অধরাই থেকে গেল।












Click it and Unblock the Notifications