Hockey India: চাকরি না পাওয়া খেলোয়াড়দের জন্য বড় সিদ্ধান্ত হকি ইন্ডিয়ার, প্রতি বছর মিলবে ২ লক্ষ টাকা
Hockey India: ভারতীয় হকি দলের হয়ে খেলেও চাকরি পাননি এমন অনেক পুরুষ ও মহিলা প্লেয়ার রয়েছেন। আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকে ইচ্ছা থাকলেও হকির দিকে ঝুঁকছেন না বা খেলা ছেড়ে দিচ্ছেন এমনটাও হচ্ছে।
তবে পরিস্থিতি বদলাতে বড় সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া। সংস্থার বার্ষিক সাধারণ সভায়।

ভারতের পুরুষ ও মহিলা হকি দলের কোর গ্রুপে থাকেন, কিন্তু সরকারি বা বেসরকারি স্তরে চাকরি পাননি, এমন প্লেয়ারদের প্রতি বছর ২ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া। লখনউয়ে হকি ইন্ডিয়ার এজিএমে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত ঘোষণা হয়েছে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, আমরা জানতে পেরেছি কোর গ্রুপের সম্ভাব্য প্লেয়ারদের মধ্যে যাঁরা নতুন বা বয়স কম, তাঁদের অনেকেই কোনও সংস্থাতে কাজ পাননি। আবার এমনও হয়েছে ঘরোয়া বা আন্তর্জাতিক স্তরে ভালো খেলার ভিত্তিতে অনেকে বেসরকারি বা সরকারি দফতরে চাকরি পেয়েছেন।
তিরকের কথায়, দলে নবাগতদের ক্ষেত্রেই চাকরি না পাওয়ার সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিশেষ করে মহিলা প্লেয়ারদের মধ্যে এই সংখ্যা বেশি। এই পরিস্থিতিতে তাঁদের এবং তাঁদের পরিবারকে যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় তা নিশ্চিত করতেই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়ার এগজিকিউটিভ বোর্ড।
সংস্থার বার্ষিক সাধারণ সভায় ভারতের সিনিয়র ও জুনিয়র বিভাগে পুরুষ ও মহিলাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। আসন্ন টুর্নামেন্ট থেকে শুরু করে কীভাবে তৃণমূলস্তর থেকে হকি পরিকাঠামোর উন্নতি ঘটানো যায়, এ সমস্ত বিষয়েই আলোচনা হয়েছে।
আরও বেশি করে প্রাক্তন প্লেয়ারদের হকি পরিকাঠামোয় যুক্ত করা, কোচেদের উপযুক্ত প্রশিক্ষণের বন্দোবস্ত-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। হকি ইন্ডিয়া লিগ নিয়েও বেশ কিছু চমকপ্রদ ঘোষণার আশ্বাস দিয়েছেন হকি ইন্ডিয়ার সেক্রেটারি-জেনারেল ভোলানাথ সিং।












Click it and Unblock the Notifications