অবসর ঘোষণা কমনওয়েলথ গেমসে পদক জয়ী ব্যাডমিন্টন তারকার
অবসর ঘোষণা কমনওয়েলথ গেমসে পদক জয়ী ব্যাডমিন্টন তারকার
আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ জয়ী শাটলার আরএমভি গুরুসাইদত্ত। এই ঘোষণার মধ্যে দিয়ে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানালেন তিনি।

বিগত কয়েক বছরে একাধিক চোটে কাবু করেছে গুরুসাইদত্তকে। নিজের সোনালি ফর্মের কাছাকাছিও নেই বর্তমানে, তাই ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী ৩২ বছর বয়সী তারকা সিদ্ধান্ত গ্রহণ করে নেন অবসর ঘোষণার।
সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেছেন, "আমি নিজের ১০০ শতাংশ দিতে পারছিলাম না। আমি এই খেলাটাকে অত্যন্ত ভালবাসি এবং আমার মনে হচ্ছিল খেলার প্রতি সুবিচার করছি না আমি। আমার শরীর এই ধকল নিতে পারছিল না। তাই প্রতিযোগীতামূলক ব্যাডমিন্টন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া। অত্যন্ত ইমোশনাল সিদ্ধান্ত এটা আমার জন্য।"
২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী গুরুসাইদত্ত ছোট থেকেই অত্যন্ত প্রতিভাবান। ২০০৮ যুব কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি, পাশাপাশি জেতেন ওয়ার্ল্ড জুনিয়র ব্রোঞ্জ মেডেল। এ ছাড়াও ২০১০ সালে ঢাকায় আয়োজিত সাউথ এশিয়ান গেমসে দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি, এই প্রতিযোগীতায়ই পুরুষদের সিঙ্গলসে জেতেন রূপো। ভারতীয় ব্যাডমিন্টনকে আরও ক্ষুরধার করে তোলার জন্য ভবিষ্যতের তারকা তুলে আনার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন গুরুসাইদত্ত। তিনি জানিয়েছেন, এ বার কোচিং-এ আত্মপ্রকাশ করতে চান। তাঁর কথায়, "ভারতীয় দলের কোচ টিমের সঙ্গে আমি যুক্ত হতে চাই। গোপী স্যারের(পুল্লেলা গোপীচাঁদ) অধীনে কাজ করতে চাই, যিনি আমার মেন্টর ছিলেন, আমি অনেক কিছু শিখতে পারব।"












Click it and Unblock the Notifications