Asian Games 2023: সোনার বৃত্ত পূরণ করাই লক্ষ্য নীরজের, ফোকাসে ভারত-পাক লড়াই
ভারতীয় অ্যাথলেটিক্সে সোনার ছেলের নাম নীরজ চোপড়া। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ইভেন্টগুলিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন পানিপথের এই অ্যাথলিট। এবার তাঁর লক্ষ্য এশিয়ান গেমসের জাতীয় পতাকাকে আবারও শীর্ষে তোলা। সেই সঙ্গে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস থেকে শুরু হওয়া সোনালী বৃত্তটাকে পূরণ করা।
অ্যাথলেটিক্সে ইভেন্ট হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।জ্যাভলিন থ্রো ফাইনাল হবে ৪ অক্টোবর। এই ইভেন্টে দেশবাসী পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে নীরজ চোপড়ার দিকে। বিগত কয়েক বছরে অলিম্পিক হোক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ যে প্রতিযোগিতাতে নেমেছেন সোনা জিতেছেন নীরজ। এবার এশিয়ান গেমসেও সেই ধারাই বজায় রাখতে চান নীরজ।

২০১৮ সালে জার্কাতা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন, সেই বছর কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন। এরপর ২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন। আর কয়েক মাসে বিশ্ব চ্যাম্পিনশিপে সোনা জিতে ভারতবাসীকে আরও একটি গর্ব উপহার দেন নীরজ।
ডায়মন্ড লিগ ফাইনালে তিনি নিজের শিরোপা রক্ষা করতে ব্যর্থ হন এবং তাঁর সেরা ৮৩.৮০ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এবার ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেচ।টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদক জয়ী নীরজ ডায়মন্ড লিগের ফাইনাল শুরু করেছিলেন ফাউল দিয়ে। কিন্তু তিনি নিজের দ্বিতীয় প্রচেষ্টায় দারুণ করেছিলেন। তিনি ৮৩.৮০ মিটার ক্লিয়ার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং শেষ পর্যন্ত তিনি এই জায়গাটি ধরে রেখে ছিলেন।

ডায়মন্ড লিগে সোনা জিততে না পারলেও সেই আক্ষেপ পূরণ করতে চান এশিয়াডে। ডায়মন্ড লিগের পর নীরজ জানিয়েছেন, 'এখনও অনেকগুলি প্রতিযোগিতা বাকি আছে। এরমধ্যে অন্যতম এশিয়ান গেমস। এশিয়াড অন্যতম বড় ইভেন্ট। এশিয়ান গেমসে পদক জেতাই এখন আমার লক্ষ্য।'
ক্রিকেট, ফুটবল, হকির মতোই জ্যাভলিনের মতো ইভেন্টেও ভারত পাক দ্বৈরথ। বিগত কয়েকটি আন্ত র্জাতিক ইভেন্টে পাক জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের সঙ্গে দ্বৈরথ জমে উঠেছে নীরজের। এবার এশিয়ান গেমসেও ভারত পাক লড়াইয়ের দিকে নজর থাকবে সবার।

এই প্রসঙ্গে নীরজ বলেন, 'নাদিমের সঙ্গে যে টুর্নামেন্টেই মুখোমুখি হোই না কেন আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলে। তবে ইতিবাচক দিক এটাই ভারত এবং পাকিস্তান উভয় দেশই জ্যাভলিনের মতো ইভেন্টে দ্রুত উন্নতি করছে। ইউরোপীয় প্রতিদযোগীদের আমার কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছি প্রতিটি ইভেন্টেই।'












Click it and Unblock the Notifications