পাড়ায় পাড়ায় সরকারে লাভ নেই, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে! নন্দীগ্রামের হামলা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
ভোটের আগে 'ভাঁওতা' দিচ্ছেন মমতা! নন্দীগ্রামের হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
কাঁথির রোড শো-এর পরে এবার নন্দীগ্রামে (nandigram) রোড শো শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। তবে বিজেপিতে যোগ দেওয়ার পরে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তাঁর এটাই প্রথম রোড শো। এদিন নন্দীগ্রামের রোড শোতে বিপুল জনসমাগম লক্ষ্য করা গিয়েছে। রোড শো থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

পার্শ্ব শিক্ষকদের পাশে শুভেন্দু অধিকারী
নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রোড শো থেকেই পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে মর্যাদা জড়িয়ে রয়েছেন। পার্শ্ব শিক্ষকদের দাবিকে তিনি ন্যায়সঙ্গত বলেও ব্যাখ্যা করেন। তিনি বলেন, তুষ্টিকরণের রাজনীতি না করে সহিষ্ণুতার পরিচয় দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

পাড়ায় পাড়া সমাধানকে কটাক্ষ
সোমবার বোলপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি নেওয়া হয়েছে। এলাকার ছোট ছোট সমস্যা, যেমন রাস্তা তৈরি, থেকে জলের পাইপ লাইন বসে গেলেও জল না পৌঁছনোর মতো সমস্যাগুলির সমাধান করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যসচিব। এদিন নন্দীগ্রামের রোড শো থেকে এব্যাপারে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জানুয়ারিতে ভোট ঘোষণার আগে পাড়ায় পাড়ায় সমাধান ভাঁওতা ছাড়া কিছু নয়। তিনি দাবি করেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

মিছিলের বহরে খুশি শুভেন্দু
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূলের তরফে বলা হয়েছিল, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢুকতে পারবেন না। মানুষ প্রত্যাখ্যান করবে। সেখানকার ৪০ শতাংশ সংখ্যালঘু শুভেন্দু অধিকারীকে প্রত্যাখ্যান করবে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, মিছিলের বহর বলে দিচ্ছে কেমন অভ্যর্থনা পেলাম। সৌগত রায় শিক্ষক হলেও তাঁর মন্তব্যের কোনও গুরুত্ব নেই বলেই মন্তব্য করেন শুভেন্দু। প্রসঙ্গত সৌগত রায় শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেছিলেন কাঁথিতে কেন, অন্য জায়গাতেও কর্মসূচি করুন, টের পাবেন। এদিন পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির বাইরের কর্মসূচিগুলিও তাঁরা দেখতে থাকুন। অন্যদিকে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপির পদ্ম ঘরে ঘরে, তাঁর এই স্লোগান বিজেপি গ্রহণ করায় খুশি শুভেন্দু অধিকারী। এদিন টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত অরাজনৈতিক কর্মসূচি রোড শো করার পর শুভেন্দু অধিকারী বজরঙ্গবলীর মন্দিরে পুজো দেন তিনি।

ফল ভুগতে হবে, হুঁশিয়ারি শুভেন্দুর
এদিন নন্দীগ্রামের ভুতো মোড়ে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় অংশ নিতে আসা অনুগামী ও বিজেপি কর্মীদের ওপর ইট, পাথর নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। টোটো, গাড়ি ভাঙচুর করা হয়। এই হামলায় বেশ কয়েকজন আহত হন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শুভেন্দু অধিকারী টেঙ্গুয়া মোড়ের পার্টি অফিসে বসে ঘটনার খোঁজ নেন। পরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার ফল ভুগতে হবে। তবে জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications