Egra Blast: এগরা বিস্ফোরণের পর একাধিক জেলায় অভিযান পুলিশের! আতঙ্কে চম্পাহাটি
এগরা বিস্ফোরণ: পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরনের জের! প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার অন্যান্য জেলায় শুরু হল পুলিশের তৎপরতা। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতে বেআইনি বাজি রমরমা রুখতে অভিযান চালানো হচ্ছে।
সেই মতো আজ বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন বাজার এলাকায় পুলিশের তরফ থেকে বাজির গোডাউনে এবং দোকানে অভিযান চালানো হলো। ধূপগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেসমস্ত বাজার ঘাট রয়েছে সেখানে অনেক দোকানঘর ভাড়া নিয়ে বাজির গোডাউন করা হয়েছিল বলে পুলিশের কাছে খবর ছিল। ধূপগুড়ি থানার পুলিশ বিভিন্ন বাজার এলাকায় এই অভিযান চালায়।

ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তবে এই দিনের এই অভিযানের কোথাও সেই রকম মজুদ করা নিষিদ্ধ বাজি মেলেনি। তবে ধূপগুড়ি থানার পুলিশের তরফ থেকে বাজি ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করা হয়েছে।
শুধু তাই নয়, সেই সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা নিষিদ্ধ বাজি কেনাবেচা না করেন। যদি কোনো ব্যবসায়ীর গোডাউনে বা দোকানে নিষিদ্ধ বাজি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আগামীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
যদিও ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিষিদ্ধ আতশবাজি ,শব্দবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলে। এর আগেও এরকম অভিযান চলেছিল এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছিল, আগামী দিনও একই রকম ভাবে অভিযান চলবে। অন্যদিকে অন্যান্য আরও বেশ কয়েকটি জেলাতেও পুলিশের তরফেও এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

তবে বাংলার বাজি কারবারের বড় একটা জায়গা চম্পাহাটি-বেগমপুরে। এগরার ঘটনার পরে সেই অঞ্চলের মানুষ রীতিমত আতঙ্কে রয়েছেন। বারুইপুর থানা এলাকায় একাধিক বাজি কারখানা রয়েছে। যদিও বড় একটা অংশে গ্রিন ক্রেকার তৈরি হয়।
কিন্তু নজর এড়িয়ে অনেক বেআইনি বাজিও তৈরি হয় বলে একটা অভিযোগ রয়েছে। আগেও ওই এলাকাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটেছে মৃত্যুও। কিন্তু এরপরেও সেই অর্থে পুলিশের তরফে কোনও তৎপরতা চোখে পড়েনি অন্তত এগরার ঘটনার পর। যদিও পুলিশের দাবি, তারা মাঝে মধ্যেই অভিযান চালান। এমনকি সচেতনতা বাড়ানোর কাজও করা হয় বলে জানাচ্ছে পুলিশের একটি সুত্র।












Click it and Unblock the Notifications