‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র আঁচ আছড়ে পড়ল কলকাতায়, প্রতিবাদে যুব কংগ্রেস
প্রত্যাশিতভাবেই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমা নিয়ে বিক্ষোভে নামল কংগ্রেস। যার আঁচ শুক্রবার আছড়ে পড়ল কলকাতার বুকে।
প্রত্যাশিতভাবেই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' সিনেমা নিয়ে বিক্ষোভে নামল কংগ্রেস। যার আঁচ শুক্রবার আছড়ে পড়ল কলকাতার বুকে। কলকাতার 'আইনক্স হিন্দ' সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করে যুব কংগ্রেস। কয়েকশো যুব কংগ্রেসকর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে সিনেমা হলে ঢোকার চেষ্টা করেন। অবিলম্বে এই সিনেমার সম্প্রচার বন্ধের দাবি জানান।

এদিন বিক্ষোভের আঁচ করে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছিল সিনেমা হল কর্তৃপক্ষ। যুব কংগ্রেসকর্মীরা সিনেমা হলে ঢোকার চেষ্টা করলে, তাঁদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় নিরাপত্তারক্ষীদের। সিনেমা হলের সমস্ত দরজা বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। এরপর সিনেমা হলের বাইরেই বিক্ষোভে সামিল হন কংগ্রেসকর্মীরা।
রাজ্য যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই সিনেমায় তথ্য বিকৃত করা হয়েছে উদ্দেশ্যপ্রোণোদিতভাবে এবং চক্রান্ত করে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে গান্ধী পরিবার ও কংগ্রেসের ভাবমূর্তিকে আঘাত করা হয়েছে। এটা চলচ্চিত্র শিল্পের পক্ষে লজ্জাজনক। এই দাবিতেই বিক্ষোভে ফেটে পড়ে অবস্থান করেন কংগ্রেস কর্মীরা।

উল্লেখ্য, এদিনই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' সিনেমাটি মুক্তি পায়। সিনেমা দেখতে দর্শকরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য বিক্ষোভকারীদের হল থেকে দূরে সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয়, দিদিভাই আর মোদীভাই এক হয়ে গিয়েছেন। সেই কারণেই বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা, রাজ্যের পুলিশ আমাদের হটিয়ে দিচ্ছে।
কংগ্রেসের দাবি, বিক্ষোভ চলবে। যতক্ষণ না এই বিকৃত সিনেমা প্রদর্শন বন্ধ না হবে, ততক্ষণ আমরা দাবি থেকে সরব না। বিজেপি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসর ভাবমূর্তি ক্ষুন্ন করতে সমস্ত চরিত্র বিকৃত করে এই সিনেমা করেছে। লোকসভা নির্বাচনে বিজেপি এই কুৎসা-অপপ্রচারের জবাব পাবে।












Click it and Unblock the Notifications