উৎসশ্রী পোর্টাল কবে খোলা হবে? এবার পর্ষদের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট
উৎসশ্রী পোর্টাল কবে ফের চালু হবে? কত দিনের মধ্যে পোর্টাল চালু হবে? এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্ন করেছেন।
দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল। ফলে প্রবল সমস্যার মধ্যে রয়েছেন অনেক শিক্ষক - শিক্ষিকা। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে শিক্ষক - শিক্ষিকার বদলির আবেদন করা হয়।

খুলতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের বদলির উৎসশ্রী পোর্টাল। এর মাধ্যমে শিক্ষক - শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে। খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে। এই কথা আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তবে, কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল? এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসে ফের মামলার শুনানি। মামলাকারী পুতুল সিটের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, " সম্প্রতি প্রাথমিকের মামলাগুলি শুনছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক বদলি সবই বিচার্য ছিল। সেই সময় দীর্ঘদিন 'উৎসশ্রী পোর্টাল' বন্ধ থাকায় অফলাইনে বদলির আবেদনে আইনি বৈধতা দেন বিচারপতি মান্থা।"
কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে।
সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেই কারণে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ।
কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনও জবাব মেলেনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন। কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে? সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।












Click it and Unblock the Notifications