কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন
কলকাতা, ২৬ ডিসেম্বর: আজ, শুক্রবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যান্য জেলাগুলিতে অবস্থা আরও খারাপ। সকাল থেকেই কনকনে হাওয়া কাঁপুনি ধরিয়ে দিচ্ছে।
গত কয়েকদিন ধরে কলকাতায় শীত-শীত ভাব থাকলেও জাঁকিয়ে শীত পড়ছিল না। এ জন্য কাঠগড়ায় উঠেছিল পশ্চিমী ঝঞ্ঝা। কিন্তু কাল থেকে তা সরে যাওয়ায় কনকনে উত্তুরে বাতাস ঢুকছে। এই বাতাসই একধাক্কায় তাপমাত্রা নামিয়ে দিয়েছে অনেকটা।

কলকাতার পাশপাশি জেলাগুলিতে ঠান্ডা পড়েছে বেশ। শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদহ, কৃষ্ণনগর এবং বাঁকুড়ায় তাপমাত্রা নেমেছে যথাক্রমে ৯.৬, ৯ এবং ৯.১ ডিগ্রিতে। মজার ব্যাপার হল, দার্জিলিংয়ের চেয়ে এখন বেশি ঠান্ডা দুর্গাপুরে! দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৯ ডিগ্রিতে। সেখানে দুর্গাপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ভারতে তো অবস্থা নিদারুণ। পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩-৪ ডিগ্রিতে। দিল্লির তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। লাদাখে মাইনাস ১০ হয়ে গিয়েছে তাপমাত্রা।












Click it and Unblock the Notifications