বাগুইআটিতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, আটক ৬ প্রতিবেশী, নির্মাণ-বিবাদেই খুন ?
কলকাতা, ১২ সেপ্টেম্বর : একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগুইআটির অর্জুনপুরে। সোমবার ভোররাতে ঘরের ভিতর থেকে বাবা-মা-মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলিতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁদের খুন করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। প্রতিবেশী ছ'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধৃতদের মধ্যে তিনজন মহিলা। অর্জুনপুরের পশ্চিমপাড়ার ঘটনা। বন্ধ ঘর থেকে পচা-দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। খাটের নীচে ডাঁই করে রাখা ছিল দেহগুলি।

মৃতদের নাম গণেন্দ্রনাথ মিত্র, বিমলা মিত্র ও তাঁদের মেয়ে সোমা মিত্র। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই এক নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছিল ওই পরিবারের। সেই ঝামেলার জেরেই এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ। এই খুনের পিছনে কোনও পারিবারিক দ্বন্দ্ব রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতদের শরীরে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিল রক্ত। দরজাতেও ছিল রক্তের ছাপ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications