ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জনের জামিন হাইকোর্টে
ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নাড়িয়ে দিয়েছিল কলকাতা তথা পশ্চিমবঙ্গকে। ঘটনার নায়ক ছিলেন দেবাঞ্জন দেব। করোনা কালে সামনে এসেছিল তার একাধিক কুকীর্তির কথা। সেই দেবাঞ্জন দুটি মামলায় জামিন পেলেন। কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে।
বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে তার জামিনের আবেদনের শুনানি হয়। দীর্ঘদিন ধরে এই মামলা আদালতে ওঠেনি। সে কারণেই দেবাঞ্জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তথ্য বলছে, তিন বছর পর দেবাঞ্জন জামিন পেল। কিন্তু একাধিক মামলা এখনও চলছে তার বিরুদ্ধে। তাই গারদের ওপারেই থাকতে হবে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ককে।

করোনার ঢেউ তখন সারা পৃথিবীতে আছড়ে পড়েছে। কলকাতাতেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল চলছে। ভ্যাকসিনের আকাল দেখা যাচ্ছে মাঝেমধ্যেই। সেইসময় সামনে আসে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। কলকাতার উত্তর থেকে দক্ষিণ কার্যত নড়ে যায় এই ঘটনায়। শুধু তাই নয়, প্রশাসন নাকের ডগায় কীভাবে একজন ব্যক্তি দিনের পর দিন জালিয়াতি করতে পারে? সেই প্রসঙ্গ ওঠে।
রীতিমতো শিবির করে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হত। এইসব কিছুই দেবাঞ্জন দেবের নেতৃত্বে হত। সাংসদ মিমি চক্রবর্তী দক্ষিণ কলকাতার একটি শিবিরে উপস্থিত হয়েছিলেন। তখনই দেখা যায় ভ্যাকসিন নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের পোর্টাল থেকে কোনও তথ্য আসছে না। সাংসদের তৎপরতায় থানায় অভিযোগ দায়ের হয়েছিল।
এরপরেই যেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। এক এক করে কীর্তি ফাঁস হয় দেবাঞ্জন দেবের। নিজেকে বড় সরকারি অফিসার হিসেবে পরিচয় দিতেন তিনি। নীল বাতির গাড়ি চড়তেন। টাকা দিয়ে দেহরক্ষীও রেখেছিলেন। দক্ষিণ কলকাতার কসবায় তার অফিস ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ জানত সেটি আসলে কলকাতা কর্পোরেশনের অফিস।
দেবাঞ্জনের অফিসে একাধিক লোক কাজ করতেন। তারাও জানতেন তারা পুরসভার কর্মী। দেবাঞ্জন কোনও করোনার টিকা দেননি। বড়বাজার থেকে কিছু এমপেল কিনে আনা হয়েছিল। সেগুলি সাধারণত ঠান্ডা লাগা, খুসখুসে জ্বর প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হত। এমনই দাবি চিকিৎসকদের একাংশের।
সেই দেবাঞ্জন গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খাটছেন। করোনা ঢেউ এখন অতীত। কিন্তু দেবাঞ্জনে মামলায় কোনও পরিবর্তন হয়নি। একাধিক মামলা দিলেও তার কোনও ট্রায়াল হয়নি বলে খবর। বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এদিন জামিনের আবেদন করা হয়েছিল। দুটি মামলায় সেই জামিন মঞ্জুর করেন বিচারপতি।












Click it and Unblock the Notifications