"তাপস রায় যোগ্য প্রার্থী ", কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর পাশে এক মঞ্চে কুণাল ঘোষ
তাপস রায় চলে গিয়েছেন অন্য দলে। তাপস রায় বিজেপির কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী৷ সেই তাপস রায়কেই সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী।
আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কুণাল ঘোষ সৌজন্যের রাজনীতি নিয়ে সমালোচনা করেন মাঝেমধ্যেই৷ সাংসদ দেবকে অতি সম্প্রতি মিঠুন চক্রবর্তী ইস্যুতে আক্রমণ করতেও দেখা যায়। সেই কুণালই এদিন তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে? তিনি নিজে কী করলেন? সৌজন্যের রাজনীতি?

বুধবার কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবির। আর সেখানে যত জল্পনা। মঞ্চে বক্তব্য রাখছেন কুণাল ঘোষ। পাশে চেয়ারে বসে আছেন তাপস রায়। তাঁর পাশে বিজেপির নেতা তমোঘ্ন ঘোষ। মঞ্চ থেকে তাপস রায়ের সুখ্যাতিও করলেন কুণাল৷ আর মুচকি হেসে হাততালি দিলেন তাপস নিজেই।
রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? " আমার একটা অন্য কাজ ছিল৷ আমি অন্য দিক থেকে ঘুরে চলে যাচ্ছিলাম। আমার কাছে প্রবীরদার ফোন আসে। আমককে বললেন, একবার ঘুরে যেতেই হবে। ঢুকতে গিয়ে দেখি, একদিকে বুলবুলদা বসে রয়েছেন। আর আমার একদা অন্যতম প্রিয়জন একজন অন্য পাশে বসে রয়েছেন।"
এই অন্যজন যে তাপস রায়, তা বলার অপেক্ষা রাখে না। আর বুলবুলদা হলেন ওই ওয়ার্ডের সভাপতি৷ তাপস রায় সম্পর্কে এদিক কুণাল ঘোষ দরাজ সার্টিফিকেটও দিয়েছেন। "তাপসদার দরজা সব মানুষের জন্য সব সময়ে খোলা থাকে। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উলটো দিকে পাচ্ছি। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।"
ছাপ্পা ভোট কলকাতা উত্তরে হবে না। যাঁর ভোট তাঁকে দিতে দিন। এই চাঞ্চল্যকর বার্তাও কুণাল এদিন দিয়েছেন। " যদি কোথাও কোনও ছাপ্পা পড়ে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে। কোথাও যেন একটা ছাপ্পাও না পড়ে।" তাহলে কি ছাপ্পা কলকাতা উত্তর কেন্দ্রের ভোটে পড়ে? সেই কথা স্বীকার করে নিলেন কুণাল? সেই প্রশ্নও উঠছে।
তাপস রায় সৌজন্যের রাজনীতি দেখাতে মুজাফফর আহমেদ ভবনে বিমান বসুর সঙ্গে দেখা করেছেন। অজিত পাঁজার বাড়িতেও তিনি গিয়েছিলেন। পুরনো কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকেও সামান্য হলে আবেগে ভাসতে দেখা গিয়েছিল। এবার কি সেই সৌজন্যের রাজনীতিই করলেন কুণাল ঘোষ?
ভোটের আগে তাপস রায়কে এভাবে সার্টিফিকেট দিলেন কেন তিনি? তাপস রায় "যোগ্য প্রার্থী" বললেন কুণাল। আর ঠিক এক মাস বাকি এই কেন্দ্রে ভোটের। তার আগে কি নতুন করে জল মাপা শুরু হল? চর্চা রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications