এসএসসি কাণ্ডে যোগ্যদের আবেদন খারিজ, নিয়োগের সময়সীমা নিয়ে কী রায় সুপ্রিম কোর্টের?
এসএসসি মামলা নিয়ে রাজ্য বনাম যোগ্য প্রার্থীদের মধ্যে সংঘাত দীর্ঘদিন হয়ে আসছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মতো শিক্ষাকর্মী নিয়োগেও সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যেই মামলাকারী যোগ্য শিক্ষাকর্মীরা সুপ্রিমকোর্টে আর্জি জানিয়েছিলেন যে যাতে শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগেও সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু আজ এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়।

মামলাকারী যোগ্য শিক্ষাকর্মীদের আর্জি তে সুপ্রিমকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় “কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার একই বিষয়ে মামলা করা যাবে না।” স্পষ্টত এবারও স্কুল সার্ভিস কমিশন-এর গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত সুপ্রিমকোর্টই ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল এসএসসি-এর দুর্নীতির কারণে। পুনরায় এপ্রিল মাসে একটি রায়ে সুপ্রিম কোর্ট নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিলো এবং এই নির্দেশ পালন করতে স্কুল সার্ভিস কমিশনকেও জানিয়েছিলো। এই প্রসঙ্গকে টেনে গ্রুপ সি ও ডি মামলাকারীদের পক্ষের আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষাকর্মী নিয়োগে দেরি হচ্ছে। তাই এই নিয়ে অনিশ্চয়তা কাটাতে ও একটি সময়সীমা বেঁধে দিতে এই মামলার শুনানি হোক। কিন্তু সব শোনার পরেও শীর্ষ আদালত এই মামলার নিয়োগের প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হল না।












Click it and Unblock the Notifications