রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, নিরাপত্তায় বাড়ানো হচ্ছে সিসিটিভি, থাকছে কয়েক হাজার পুলিশ
সামনেই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে শহরের নিরাপত্তা আরও আটোঁসাঁটো করছে লালবাজার। রেড রোডে রাজ্যের তরফে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে।
লালবাজারের তরফে বিশেষ নজর থাকছে গোটা ময়দান চত্বরে। ধর্মতলা এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ হবে। উপস্থিত থাকবেন এখাধিক ভিওআইপি।

বেশ কয়েক বছর ধরেই এই সময় রেড রোডে বেশি সংখ্যায় সিসিটিভি ক্যামেরা রাখা হয়। এই বছরে রেড রোডে থাকছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে কয়েক হাজার পুলিশ কর্মীকে মোতায়েন রাখা হচ্ছে। সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি জোনে।
নজরদারি চালাবে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরাও। থাকছে একাধিক ওয়াচ টাওয়ার। তবে এই বছরে প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শহরে পথে নামানো হচ্ছে বাড়তি বাহিনী। এর মূল কারণ, বেশ কয়েক সপ্তাহ আগে ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিস্ফোরক রাখা রয়েছে জাদুঘরে। এমন বার্তা দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছিল।
এরপর জাদুঘরে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু কোনও কিছু পাওয়া যায়নি। হুমকি ইমেলটি উড়ো ছিল। পরে তা জানা যায়। তবে কোনও ঢিলেমি তারপর থেকে দিতে চাইছে না কলকাতা পুলিশ। তাই এ বছরে প্রজাতন্ত্র দিবসে বাড়তি নিরাপত্তা থাকবে রেড রোড সহ সমগ্র কলকাতা জুড়ে।
প্রজাতন্ত্র দিবসের আগেই আজ ২৪ জানুয়ারি রেড রোডের বাড়তি নিরাপত্তা খতিয়ে দেখা হয়। রেড রোডে উপস্থিত হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের ডিসি পদ মর্যাদার একাধিক আধিকারিক, জয়েন সিপি হেডকোয়ার্টার সন্তোষ পান্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। ছিলেন পুলিশের আরও উচ্চ পদস্থ আধিকারিকরা।
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি হল কুচকাওয়াজ নিয়ে প্রস্তুতি। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের অনুষ্ঠান বরাবর রেড রোডে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন। অন্যান্য মন্ত্রী থাকেন। সরকারের গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত থাকেন। সেজন্য আরও বেশি নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications