বারবার নাম করে মিথ্যাচার! কুণালের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা মিঠুনের
বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। এর জবাবে কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, "কোর্টেই দেখা হবে।" জানা গিয়েছে, রাজনৈতিক মন্তব্যের জেরে সম্মানহানির অভিযোগেই মিঠুন এই আইনি পথ বেছে নিয়েছেন।
মহাগুরু মিঠুনের অভিযোগ, কুণাল ঘোষ রাজনৈতিক বিদ্বেষ থেকে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর আগে আইনি নোটিস পাঠালেও তার জবাবে সন্তুষ্ট না হয়ে মিঠুন কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন।

আদালতে মিঠুন দাবি করেছেন, কুণালের মন্তব্যে তাঁর সামাজিক মর্যাদা, সম্মান ও পেশাগত ক্ষতি হয়েছে। তাঁর নতুন চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজও ব্যাহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মিঠুন জানিয়েছেন, তিনি একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
মিঠুনের দাবি, তার মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন "মিথ্যা অভিযোগ" তাঁকে অপমানিত করেছে, তাই ক্ষতিপূরণ বাবদ তিনি ১০০ কোটি টাকা দাবি করেছেন। এছাড়াও, ভবিষ্যতে কুণাল ঘোষকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য তিনি আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, মিঠুনের করা এই মামলা নিয়ে একেবারেই চিন্তিত নন কুণাল ঘোষ। তিনি পাল্টা বলেছেন, "যাঁর মান থাকে, তিনি কি এতবার দলবদল করেন? কোর্টে দেখা হবে।" পাল্টা কুণাল জানিয়েছেন, তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। দাবি করেছেন, মিঠুন একাধিক চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সেটা তিনি কোর্টে তুলে ধরবেন। তিনি চান বিষয়টি সিবিআই তদন্ত করুক।












Click it and Unblock the Notifications