SBI ATM Fraud Kolkata: ৩ গ্রাহকের দেড় লক্ষাধিক টাকা উধাও! ‘অরক্ষিত’ এটিএম নিয়ে দায় এড়াল ব্যাঙ্ক?
SBI ATM Fraud: ব্যাঙ্কের এটিএমে ঢোকাতেই লক হয়ে গেল কার্ড (ATM Card)। মেশিনের গায়ে সাঁটা হেল্পলাইন (Helpline) নম্বরে ফোন করে সর্বস্ব খোয়ালেন গ্রাহকরা। ফোনের ওপাড় থেকে আসা নির্দেশ মেনে কার্ড বের করতে গেলে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। যদিও ওই ঘটনায় কার্যত দায় এড়িয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখা।
খাস কলকাতার যাদবপুরের (Jadavpur) সার্ভে পার্কের ঘটনা। ৩ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে দেড় লক্ষাধিক টাকা। ব্যাঙ্ক লাগোয়া অরক্ষিত এটিএম থেকেই টাকা তুলতে গিয়েছিলেন গ্রাহকরা। শুক্রবার যাদবপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের উল্টোদিকে এটিএমে কার্ড পাঞ্চ করার পরও টাকা বের হয়নি বলে অভিযোগ। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে।

ঘটনায় ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সূত্রের খবর, যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের ম্যানেজার প্রীতম কর্মকারের দাবি, ওই এটিএমের সঙ্গে ব্যাঙ্কের কোনও যোগ নেই। ওটি ফ্র্যাঞ্চাইজি এটিএম। এসবিআইয়ের ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না বলে অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।
ভুয়ো হেল্পলাইন নম্বর কোথা থেকে এল, তা নিয়েও ধোঁয়াশা। অভিযোগ, এটিএমে কার্ড ঢোকাতেই তা লক হয়ে যায়। কার্ড আনলক করার জন্যে হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে সেখানে। হেল্পলাইন নম্বর দেখে সন্দেহ হয় গ্রাহকদের। তবু বাধ্য হয়ে এটিএমের গায়ে থাকা টোল ফ্রি নম্বরে ফোন করেন গ্রাহকরা। ফোন করলে সেখানে বলা হয়, কার্ড আনলক করতে হলে ক্যানসেল বাটন টিপতে হবে।
পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন টিপতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। টাকার অঙ্ক দেওয়ার পরও টাকা বের হয়নি। অথচ অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় পরপর ডেবিট হয়ে গিয়েছে টাকা। অন্যদিকে শনিবার শিলিগুড়িতেও একই অভিযোগ ওঠে। এটিএমে আটকে থাকা কার্ড বের করতে হেল্পলাইন নম্বরে ফোন করতেই লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায়। সার্ভে পার্কের কায়দাতেই প্রতারণা শিলিগুড়িতে।












Click it and Unblock the Notifications