প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১০! রাজনীতি না করার আহ্বান জানিয়ে বিপর্যয়ের দায় কাদের ঘাড়ে ঠেললেন মমতা?

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, মেঘভাঙা বৃষ্টি হয়নি। নিম্নচাপ তৈরির সময় ভূপৃষ্ঠ থেকে খুব উঁচুতে নয়, এমন অবস্থা থেকে এমন প্রবল বৃষ্টি অস্বাভাবিক নয়। বিশেষ করে প্রচুর জলীয় বাষ্প জমলে। তবে ইদানীংকালে তা হয়নি বাংলায়।

যদিও গতকাল রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হলো ১০। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কলকাতায় ৮, দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ও উত্তর ২৪ পরগনার শাসনে একজন করে মারা গিয়েছেন। ৯ জনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কলকাতায় মারা গিয়েছেন মঙ্গলাহাটের এক বাসিন্দা, তিনি শেক্সপিয়ার সরণিতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।

মুখ্যমন্ত্রী আজ জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধনের আগে বলেন, কয়েকদিন ধরেই বলছিলাম আবহাওয়া দফতরের সতর্কতা আছে। পঞ্চমীর দিন নিম্নচাপের ফলে ঝোড়ো বাতাস বইতে পারে, কোথাও কোথাও বৃষ্টি হবে বলে তথ্য ছিল। তবে গতকালের বৃষ্টি অবিশ্বাস্য। এত বড় দুর্যোগ ১৯৭৮ সালেও হয়নি, তার থেকেও বেশি। গঙ্গা জলে ভর্তি, কারণ ফরাক্কায় ড্রেজিং হয়নি। আমাদের আন্ডারে নয় এটি। আমি এটা বলতাম না। তবে দুর্যোগ নিয়ে উল্টোপাল্টা মন্তব্য রাজনৈতিক দল বা কেউ কেউ করছেন। দুর্যোগ নিয়ে রাজনীতি করবেন না। উত্তরাখণ্ডে মানুষ মারা গিয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন। ইউপি, বিহারেও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। গঙ্গা বা অন্য নদী যেখান দিয়ে বয়ে যায় সেখানে এফেক্ট বেশি পড়ে।

মুখ্যমন্ত্রী বলেন, ড্রেজিং হয় না, ডিভিসির জলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পাঞ্চেত, মাইথনের জন্য দক্ষিণবঙ্গ ভাসে। বিহার, ইউপি, উত্তরাখণ্ডের জল বাংলায় আসে। বাংলার অবস্থা নৌকায় জল জমার মতো, চারদিক থেকে জল আসে। একেই গঙ্গা ডুবুডুবু ছিল, সেই সঙ্গে অতিরিক্ত বর্ষা। জল বেড়েছে আজ অবধি হাই টাইপের বান আসায়, যেটা মহালয়ার সময় আসে। এমনিতে আমরা কলকাতায় জল জমা কমিয়ে দিয়েছি। কিন্তু বান না কমলে, বা আরও বৃষ্টি হলে জল জমতে পারে। তবে আশা করি, কাল থেকে গঙ্গায় জলস্তর কমবে।

মমতার কথায়, বাংলা বন্যা পরিস্থিতি সামলাতে পারে। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের বন্যার জল এ রাজ্যে এসেছে। তারপর রাজ্যের মধ্যে থাকা গঙ্গায় সেই জল পড়েছে। ড্রেজিং করা হয়নি, আমাদের টাকাও দেয়নি। ফলে যাঁরা মিথ্যা কথা বলছেন তাঁদের বলি দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যাঁরা মানুষের পাশে না থেকে দুর্যোগ নিয়ে রাজনীতি করেন তাঁদের ধিক্কার জানাই। এই সময় সৌজন্য প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অতো ধস নেমে মৃত্যুর পর একটা কথাও বলিনি। বলতে পারতাম। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ যখন জলে ডুবুডুবু থাকে, বৈষ্ণোদেবী মাতার ওখানেও ধস নেমেছে তখনও তা নিয়ে আমরা কিছু বলিনি। ভদ্রতার সীমা আছে। রাজনৈতিক সীমা লঙ্ঘন উচিত নয়। প্রকৃতি হাতে নেই। বাংলাদেশকে তো জল দিয়েছেন। ড্রেজিং কেন করানো হয়নি? সেখানে পলি জমে এখানে চলে আসছে আমাদের গঙ্গায়। গঙ্গায় জল ধারণ ক্ষমতা কমলে কলকাতার জল কোথায় ফেলব? আমরা সাড়ে ৫ লক্ষের উপর পুকুর কেটেছি। ৫০০ চেকড্যাম হয়েছে। বাংলার জল বাংলারই সামলানোর ক্ষমতা আছে। যাতে বন্যা না হয়। কিন্তু বাইরের দায়িত্বও কাঁধে চলে আসছে।

মেট্রোর কাজের দিকে নিশানা করে মমতা বলেন, চার-পাঁচ মাস ধরে বর্ষা চলছে। গ্রীষ্ম ও শরৎ বর্ষাকাল হয়ে গিয়েছে। বর্ষা তাড়াতাড়ি এসেছে। পুজোও এবার তাড়াতাড়ি। সেপ্টেম্বরে কমই পড়ে। চন্দ্র-সূর্য-তারা-গ্রহ-নক্ষত্র দেখে যাঁরা পাঁজি তৈরি করেন তাঁরা দিনক্ষণ ফেলেন। এটা আমাদের হাতে নেই। তাই মানুষকে সাফার করতে হচ্ছে। মেট্রোর কাজ চলছে। এনকেডিএ, হিডকো থেকে জানলাম সেই কাজের মেটেরিয়াল পড়ে নালাগুলি বন্ধ হয়ে গিয়েছে। অনেক দিন ধরে কাজ চলছে। দিনের পর দিন পাথর, বালি, মেটেরিয়াল ফেলে রাখা হচ্ছে। নালা বন্ধ থাকায় নিকাশির মাধ্যমে জল বের করার উপায় নেই। দায়িত্ববান হলে দায়িত্বশীলতার পরিচয় দিন। বলতাম না, তবে রাজনীতি হচ্ছে বলে বললাম। মেটেরিয়াল সরিয়ে রাখুন, আটকে থাকা নালাগুলি পরিষ্কার করে দিন।

মুখ্যমন্ত্রী জানান, সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তিনি কথা বলেছেন। মমতার কথায়, যেখানে যেখানে তার রয়েছে তা রাজ্য় সরকারের হাতে নেই। বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়ই। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনার কিছু এলাকাও সিইএসসির। বলেছি তারগুলো ঠিকমতো যত্ন করুন। মৃত্যুর দায় সিইএসসি অস্বীকার করতে পারে না। মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ নয়। তবে ওদের প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া উচিত, অন্তত একজনকে কাজের সুযোগ দেওয়া উচিত। সরকারও দেখছে কীভাবে পরিবারগুলির পাশে থাকা যায়। তবে গ্লোবালা ক্যালামিটিজ সারা পৃথিবীতে চলছে। সতর্কতা অবলম্বন করতে হবে। মমতা বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য কলকাতায় বড় ক্লাবগুলির উদ্বোধন কাল করব। কাল যেগুলো হবে বলে ঠিক ছিল সেগুলোও কালই করে দেব। চেতলার প্রোগ্রাম পরশু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+