সেই মান্থার বেঞ্চেই ধাক্কা খেল রাজ্য! চন্দ্রকোণায় শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি হাইকোর্টের
হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য প্রশাসন। চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। অভিযোগ ওঠে, প্রাথমিকভাবে সভার অনুমতি দেওয়া হলেও, তা বাতিল করে স্কুল কর্তৃপক্ষ। তবে এদিন বিচারপতি রাজাশেখর মান্থার আদেশের পরে জটিলতা কাটে।
|
প্রথমে সভা নিয়ে জটিলতা
স্কুলের প্রধান শিক্ষক অনুমতি দিলেও, স্কুলের পরিচালন কমিটি মাঠে সভার অনুমতি না দেওয়ায় চন্দ্রকোণা টাউন থানার পুলিশ সভার অনুমতি দেয়নি। যা রবিবার স্থানীয় বিজেপি নেতাদের জানিয়ে দেওয়া হয়। সেই সময় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয় অনুমতি ছাড়াই সভা করা হবে। শুভেন্দু অধিকারীও জানান, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন এবং সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন।

হাইকোর্টে সভার অনুমতি
এদিন সকালে চন্দ্রকোণার সভা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয় বিজেপির তরফে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি মান্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেন।

সভায় করতে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত
শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিলেও সেখানে বেশ কিছু শর্ত আরোপ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিনি স্পষ্ট বলে দেন, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। রাজ্য যতটা সম্ভব পুলিশ মোতায়েন করবে। কোনও উস্কানি দেওয়া যাবে না বলেও নির্দেশ দেন বিচারপতি। তিনি নির্দেশে আরও বলেন, সভার পরে সভাস্থল পরিষ্কার করতে হবে।

আদালতে রাজ্যের সওয়াল
আদালতে রাজ্য সরকার জানায়, পুলিশ সেখানে সভার অনুমতি দেয়নি। রাজ্য জানায়, ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রথমে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করে স্কুলের পরিচালন কমিটি। প্রসঙ্গত স্কুলের পরিচালন কমিটি জানায়, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়াটা প্রধান শিক্ষকের এক্তিয়ারের মধ্যে নেই।

প্রশ্নবাণে জর্জরিত রাজ্য
বিচারপতি মান্থা প্রশ্ন করেন, পরিচালন কমিটি কিছু না জানলে স্কুলের মাঠে স্টেজ কী করে তৈরি হল ? সওয়ালে রাজ্য বলে, স্কুল প্রশাসনের জমি। কী করে স্টেজ বানানো হল, সেটা স্কুলের পরিচান কমিটিই বলতে পারবে। এরপরেই রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনও আশঙ্কা রয়েছে?

বিচারপতির আবেদন
বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা উচিত। এই মামলায় মামলায় স্কুলের পরিচালন কমিটিকেও পার্টি করা হয়। স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির ভূমিকা তদন্ত করে দেখতে বলেন তিনি। বিচারপতি বলেন, প্রধান শিক্ষক যদি অবৈধভাবে সভা করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ১ এপ্রিলের সভায় কেন কোনও সিদ্ধান্ত নিল না পরিচালন কমিটি?












Click it and Unblock the Notifications