কাবুল বিস্ফোরণ নিয়ে কী প্রতিক্রিয়া আফগানিস্তান থেকে কলকাতায় ফেরা তমালের
কাবুল বিস্ফোরণ নিয়ে কী প্রতিক্রিয়া আফগানিস্তান থেকে কলকাতায় ফেরা তমালের
সম্প্রতি জোড়া আত্মঘাতী বিষ্ফোরণে কেঁপে উঠেছে কাবুল বিমানবন্দর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০, আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি। গোটা ঘটনায় শুক্রবার সকালেই প্রতিশোধের হুমকি দিয়েছিলেন জো বাইডেন। বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে এই ঘটনায়। এই প্রসঙ্গেই ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সদ্য আফগানিস্তান থেকে কলকাতায় ফেরা নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্যের সঙ্গে। এবার কাবুল বিমানবন্দরে বিষ্ফোরণের ঘটনায় কী বললেন তিনি?

আফগানিস্তান থেকে ভারতে ফিরে বহু মানুষই তালিবানি নৃশংসতার কথা তুলে ধরেছেন সংবাদমাধ্যমের সামনে। ব্যতিক্রম নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, সবকিছু স্বাভাবিকই রয়েছে আফগানিস্তানে৷ কাবুলে ব্যবসা বানিজ্য আগের মতোই চলছে। তাঁদের দেশত্যাগের সময় বিন্দুমাত্র বাধাও দেয়নি তালিবানরা। বরং তালিবানদের সঙ্গে ক্রিকেট খেলেছেন তমাল। শাসনব্যবস্থার উন্নতি ঘটেছে তালিবানদের ক্ষমতায় আসার কারণে৷ যেহেতু ইসলামী শরিয়া আইনে দেশ চালায় তালিবান, তাই কড়া বিধিনিষেধের জেরে কাবাবে মাংসের পরিমাণও দ্বিগুণ হয়ে গিয়েছে।
তমালের এই মন্তব্যের পরই হইচই পড়ে যায় রাজ্য তথা দেশজুড়ে। প্রশ্ন উঠতে শুরু করে তমালের বক্তব্যের সত্যতা, তাঁর উদ্দেশ্য নিয়েও। স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিভ্যান্স সেলে অভিযোগও জানানো হয় তাঁর বিরুদ্ধে৷ জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রক গ্রহণ করেছে সেই অভিযোগ।
এমন পরিস্থিতিতেই কাবুল বিষ্ফোরণ নিয়ে তমালের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল ওয়ানইন্ডিয়া বাংলা। তবে, এই বিষয়ে বিন্দুমাত্র মুখ খুলতে চাননি তিনি। তমাল বলেন, 'আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে কিছু মানুষ। তাই আমি সংবাদমাধ্যমে মুখ খুলতেই চাইছি না।'
সোশ্যাল মিডিয়াতে তাঁর বক্তব্য ভুলভাবে প্রচার করে তাঁর বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন তমাল। আফগানিস্তান থেকে ফিরে সাবলীলভাবে নিজের মত ব্যক্ত করলেও এবারে আর কিছু বলতে চাইলেন না নিমতার তমাল ভট্টাচার্য। তবে তমাল কিছু বলুন আর না বলুন আফগানিস্তানের মহিলা সাংবাদিক কিংবা চিত্র পরিচালকরা কিন্তু একাধিকবার ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তাঁরা ভালো নেই৷ তালিবানি শাসনে তাঁদের সামান্য কাজের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে৷
যদিও এ বিষয়ে তমাল আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওগুলো আলাদা ব্যাপার, তিনি ওই সম্পর্কে জানেন না! সম্প্রতি কাবুলে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে আফগানিস্তানের আর একটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস অফ খোরসান৷ এই জঙ্গি সংগঠনটির শিকড় নিহিত রয়েছে তালিবানেই। যদিও তালিবানের তরফে বিস্ফোরণ কিংবা IS-K এর সঙ্গে যোগাযোগ অস্বীকার করা হয়েছে৷ এ নিয়ে তালিবানকে এক হাত নিয়েছেন আফগানিস্তানের আগের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বর্তমানে পঞ্চশিরের নর্দান অ্যালায়েন্সের নেতা আমরুল্লা সালেহ। তিনি টুইটে লিখেছেন, নিজেদের মনিব পাকিস্তানকে ফলো করেই এই অস্বীকার করার রাজনীতি করছে তালিবান।












Click it and Unblock the Notifications