টানাপোড়েনের মাঝেই আকাশে আংশিক স্বস্তি, সীমিত উড়ান চালু দুবাই আবুধাবিতে, কলকাতায় বাতিল কিছু উড়ান
পশ্চিম এশিয়ায় টানাপোড়েনের আবহ এখনও কাটেনি, তবে ধীরে ধীরে চাকা ঘুরতে শুরু করেছে আকাশপথের। টানা প্রায় তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবারও চালু হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবুও সতর্কতার আবরণেই শুরু হয়েছে স্বল্প সংখ্যক উড়ান ওঠানামা।
সোমবার গভীর রাতে আবুধাবি থেকে একটি বিমান এসে পৌঁছয় নয়াদিল্লিতে। কিন্তু এই আংশিক স্বস্তির মাঝেও ভোগান্তি অব্যাহত কলকাতায়। মঙ্গলবারও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিম এশিয়াগামী মোট ১০টি উড়ান বাতিল হয়েছে, যার মধ্যে পাঁচটি যাওয়ার ও পাঁচটি ফেরার।

উড়ান বাতিলের তালিকায় রয়েছে ইমিরেটস এর দু'টি দুবাইগামী ও দু'টি ফেরত উড়ান। পাশাপাশি কাতার এয়ারওয়েস এর দোহাগামী ও ফেরার একটি করে বিমান বাতিল হয়েছে। আবুধাবি রুটেও ধাক্কা লেগেছে এতিহাদ এয়ারওয়েজ ও এয়ার আরাবিয়া এক জোড়া করে উড়ান বাতিল রয়েছে।
দুবাই ও আবুধাবি আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ 'হাব'। ভারত থেকে ইউরোপ কিংবা আমেরিকার পথে অধিকাংশ যাত্রাকেই এই অঞ্চল ঘুরে যেতে হয়। ফলে বিমানবন্দর বন্ধ থাকায় বিপাকে পড়েন ভারত সহ বহু দেশের যাত্রী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের অনুরোধের পরই সংযুক্ত আরব আমিরশাহি সীমিত পরিসরে বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই ধাপে ধাপে বিশ্বের নানা প্রান্তে উড়ান শুরু হয়েছে। আবুধাবি থেকে একটি বিমান পৌঁছেছে লন্ডনের হিথরো বিমানবন্দরে। এছাড়া মস্কো, প্যারিস, কায়রো ও করাচির দিকেও রওনা দিয়েছে একাধিক উড়ান।
তবে আকাশ এখনও পুরোপুরি স্বস্তির নয়। অনেক ক্ষেত্রেই মাঝপথ থেকে ফিরতে হচ্ছে বিমানকে। দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে দুবাইগামী একাধিক উড়ান পরিস্থিতির অবনতিতে মাঝ আকাশ থেকেই ফিরে আসে। যদিও মুম্বই থেকে ছাড়া একটি বিমান শেষ পর্যন্ত দুবাই পৌঁছতে সক্ষম হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে, যার মধ্যে পশ্চিম এশিয়াগামী বেশ কয়েকটি রয়েছে।
এই অনিশ্চয়তার মধ্যেই আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের উড়ান সংস্থাগুলি। ইন্ডিগো মঙ্গলবার ১০টি বিশেষ উড়ান চালাচ্ছে সৌদির জেড্ডা থেকে। পাশাপাশি স্পাইসজেট সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা থেকে চারটি বিশেষ পরিষেবা দিচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, পশ্চিম এশিয়ার আকাশে ধীরে ধীরে ফিরছে গতি, তবে অনিশ্চয়তার মেঘ এখনও পুরোপুরি কাটেনি। যাত্রীদের চোখ এখন পরিস্থিতির দ্রুত স্বাভাবিক হওয়ার দিকেই।












Click it and Unblock the Notifications